শ্রীশান্তের হাসি আর হাসির ‘কান্না’
অবিশ্বাস দুজনের কণ্ঠেই। বিশ্বকাপ দলে ঢুকে যাওয়ার ব্যাপারটা এখনো ঠিক বিশ্বাস হতে চাইছে না শ্রীশান্তের কাছে। অস্ট্রেলীয় ব্যাটসম্যান মাইক হাসি মানতে পারছেন না শেষ মুহূর্তে তাঁকে দল থেকে বাদ দেওয়াটা।ভারতের ১৫ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা হয়নি শ্রীশান্তের। জায়গা হারিয়েছিলেন প্রাভিন কুমারের কাছে। দল থেকে বাদ পড়ে ভীষণই হতাশ হয়ে পড়েছিলেন ২৮ বছর বয়সী পেসার। আবার নিজেকে সান্ত্বনা দিয়েছেন এই বলে—সুযোগ আরও আসবে, এবার না হলে পরের বিশ্বকাপে সুযোগ হবে।এই সান্ত্বনায় ক্রিকেটের বাইরের কিছু কাজেও নিজেকে জড়িয়ে ফেলেছিলেন শ্রীশান্ত। বিশ্বকাপের গান গাইতে শুরু করে দিয়েছিলেন। তবে গান-টান গেয়ে সময় কাটানোর প্রয়োজন এবারের মতো শেষ। ফুরিয়েছে ৪ বছর অপেক্ষার পালাও। দেশের মাটির বিশ্বকাপেই খেলতে পারছেন শ্রীশান্ত। প্রাভিন কুমারের দুর্ভাগ্যই তাঁকে নিয়ে এসেছে ভারতের ১৫ সদস্যের দলে।ব্যাপারটি এমনভাবে ঘটে গেল, শ্রীশান্তের যেন স্বপ্নের ঘোরই কাটেনি। দলে ডাক পাওয়ার পর চোখেমুখে উচ্ছ্বাস নিয়ে বলেছেন, ‘সত্যি বলতে কি আমি আশা ছেড়ে দিয়েছিলাম। ঘরোয়া ক্রিকেটের জন্য অনুশীলনও শুরু করে দিয়েছিলাম। ঈশ্বর দয়া করেছেন।’এর আগে ২০০৬ চ্যাম্পিয়নস ট্রফিতে অজিত আগারকারের চোট সুযোগ করে দিয়েছিল শ্রীশান্তকে। সেবারের কথা এখনো ভুলতে পারছেন না তিনি। ‘আমার মনে আছে, অ্যাডাম গিলক্রিস্ট ও রিকি পন্টিংকে আউট করেছিলাম। এর পরও অবশ্য আমরা ম্যাচটা হেরেছিলাম। আমার মনে হয়, এবারও এই ডাকটা সৌভাগ্য বয়ে আনবে’—বলেছেন শ্রীশান্ত।হাসির অনুভূতিটা ঠিক এর উল্টো। হ্যামস্ট্রিংয়ে চোট থাকার পরও তাঁকে বিশ্বকাপের ১৫ সদস্যের দলে রেখেছিলেন অস্ট্রেলিয়ার নির্বাচকেরা। পরে হিসাব-টিসাব মিলিয়ে তাঁকে বাদ দেওয়াটাই শ্রেয় মনে হয়েছে নির্বাচকদের কাছে। পরশু ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, হাসিকে নিয়ে ‘বাজি’ ধরতে রাজি নয় তারা। হাসির বিকল্প হিসেবে রাখা হয়েছিল শন মার্শকে। কিন্তু মার্শও ইনজুরিতে পড়ায় নেওয়া হয়েছে ক্যালাম ফার্গুসনকে।কিন্তু হাসি ক্রিকেট অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তটা মানতেই পারছেন না, ‘আমি হতাশ। খবরটা শুনে খুব খারাপ লেগেছে। আমি তো তাদের বলেছিই, দ্বিতীয় ম্যাচের আগেই হয়তো ফিটনেস ফিরে পাব, তৃতীয় ম্যাচের আগে তো অবশ্যই। কিন্তু নির্বাচকেরা এই ঝুঁকিটা নিতে চাননি। অবশ্যই এটা মেনে নেওয়া খুব কঠিন।’ নির্বাচকদের সিদ্ধান্তে বিস্মিত খোদ অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিংও। সদ্য শেষ হওয়া অ্যাশেজে অস্ট্রেলিয়ার সেরা ব্যাটসম্যান ছিলেন হাসি। ‘মিস্টার ক্রিকেট’খ্যাত ৩৫ বছর বয়সী এই ক্রিকেটারের ওয়ানডে পরিসংখ্যানও দারুণ—১৫১ ম্যাচে ৫১.৯৬ গড়ে ৪৪৬৯ রান।তবে পরিসংখ্যান-টংখ্যান নয়, হাসি তুলে এনেছেন ২০০৭ বিশ্বকাপে অ্যান্ড্রু সাইমন্ডসকে নিয়ে ধরা ক্রিকেট অস্ট্রেলিয়ার ‘বাজি’র প্রসঙ্গ। এই হাসি বলেছেন, ‘সে (সাইমন্ডস) তৃতীয় অথবা চতুর্থ ম্যাচ থেকে খেলেছিল এবং দলের জন্য ভালো ভূমিকা রেখেছিল। এটাই প্রমাণ করে যে খুব বেশি দূরের ব্যাপার আপনি ভাবতে পারেন না...শেষটা খুব ভালো হতেই পারে।’তবে অস্ট্রেলিয়া নির্বাচকেরা হয়তো চোটের সঙ্গে আরেকটা ব্যাপারও মাথায় নিয়েছেন। গত বিশ্বকাপের ৬ ইনিংসে মাত্র ৮৭ রান করেছিলেন হাসি। রয়টার্স, ওয়েবসাইট।তানভিরের বিশ্বকাপ শেষপ্রথম বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে না সোহেল তানভিরের। পাকিস্তানের এই বাঁহাতি পেসারকে শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে দিল ইনজুরি। হাঁটুর চোটটার কারণে গত প্রায় দুই বছর দলের বাইরে ছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে গত ওয়ানডে সিরিজে খেললেও পুরো ফিট মনে হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের মেডিকেল প্যানেল পরীক্ষা-নিরীক্ষা করার পর তাঁকে বিশ্বকাপের জন্য আনফিট ঘোষণা করে। তানভিরের বদলে সুযোগ পাচ্ছেন আরেক বাঁহাতি ফাস্ট বোলার জুনায়েদ খান।২১ বছর বয়সী জুনায়েদ দৃশ্যপটে এসেছিলেন মোহাম্মদ আমিরের সঙ্গে সঙ্গেই। জাতীয় দলের দরজা আমিরের জন্য খুলে গেলেও তাঁর অপেক্ষা বেড়েছে। ৩৫টি প্রথম শ্রেণীর ম্যাচে ১৬৭ উইকেট নেওয়া জুনায়েদ এখন বিশ্বকাপ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার অপেক্ষায়। ওয়েবসাইট।