শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন থম্পসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু লুসানের ট্র্যাকে জয়ের পর থম্পসন l এএফপি
পরশু লুসানের ট্র্যাকে জয়ের পর থম্পসন l এএফপি

ট্র্যাকটা যে আগামী কিছুদিন তাঁর দখলেই থাকবে—রিও অলিম্পিক স্প্রিন্টের ‘ডাবল’ জিতে এই বার্তাই দিয়েছিলেন এলেইন থম্পসন। সেটির সঙ্গে সংগতি রেখেই পরশু ডায়মন্ড লিগ অ্যাথলেটিকসের লুসানে মিটের ১০০ মিটারে জিতলেন ২৪ বছর বয়সী জ্যামাইকান মেয়ে। রিওতে ১০০ মিটারে সময় নিয়েছিলেন ১০.৭১ সেকেন্ড। লুসানে দৌড় শেষ করেছেন ১০.৭৮ সেকেন্ডে।
অলিম্পিকে মেয়েদের স্প্রিন্টে তাঁর আগে সর্বশেষ ডাবলজয়ী ফ্লোরেন্স গ্রিফিথ জয়নার। ১৯৮৮ সিউল অলিম্পিকে গড়া আমেরিকান জয়নারের কীর্তি থম্পসন ছুঁয়ে ফেলবেন, এটা খুব কম লোকই ভাবতে পেরেছিলেন। তবে অলিম্পিক সাফল্যে একটুও বদলে যাননি থম্পসন, ‘অলিম্পিকের আগে যেমন ছিলাম, তেমনই আছি। বাস্তবতা হলো, অলিম্পিকের ডাবল জেতার ব্যাপারটা নিয়ে সত্যিই ভাবছি না।’
একজন ‘ফলস স্টার্ট’ করায় লুসানের ট্র্যাকে দ্বিতীয় দফায় দৌড়াতে হয় প্রতিযোগীদের। যে কারণে নিজের টাইমিং নিয়ে খুশি থম্পসন, ‘দ্বিতীয়বার দৌড়ে ১০.৭৮ সেকেন্ড টাইমিং দারুণ ব্যাপার।’ একরকম হেসেখেলেই জিতেছেন থম্পসন। আমেরিকার জেনা প্রানদিনি দ্বিতীয় হয়েছেন ১১.১১ সেকেন্ড সময় নিয়ে।

থম্পসন পারলেও নিজের ইভেন্টে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারেননি তাঁর সতীর্থ ওমার ম্যাকলাউড। ছেলেদের ১১০ মিটার হার্ডলসে ১৩.১১ সেকেন্ড সময় করে তাঁকে হারিয়েছেন স্পেনের অরলান্দো ওর্তেগা। দ্বিতীয় ম্যাকলাউড সময় নিয়েছেন ১৩.১২ সেকেন্ড। এএফপি, রয়টার্স।