শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো সন্দেহ নেই ক্লার্কের
বাংলাদেশ থেকে ১০ জন গেছেন আইপিএলে খেলতে। লম্বা এক মৌসুম শেষে বাকিরা ছুটি কাটাচ্ছেন দেশে। ছুটি কাটাচ্ছিলেন মাইকেল ক্লার্কও। তবে অস্ট্রেলিয়ার নতুন কান্ডারি তিনি, নিরবচ্ছিন্ন ছুটি কাটানোর সুযোগ কোথায়! ছুটির মাঝেই ক্লার্ককে ছুটতে হচ্ছে মেলবোর্নে। ক্রিকেট অস্ট্রেলিয়ার গঠিত পর্যালোচনা কমিটি অস্ট্রেলিয়ান ক্রিকেটের সামনের সময়গুলো নিয়ে পর্যালোচনা সভায় বসবে সেখানেই।ডন আরগাসের নেতৃত্বে এই কমিটিতে আছেন সাবেক তিন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যালান বোর্ডার, মার্ক টেলর ও স্টিভ ওয়াহ এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার সাবেক ও বর্তমান প্রধান ম্যালকম স্পিড ও জেমস সাদারল্যান্ড। কমিটির সভায় নিজের মতামত জানাতে উদগ্রীব ক্লার্ক। সিডনি এয়ারপোর্টে অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক বলেছেন, ‘এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, অস্ট্রেলিয়ান ক্রিকেটের নীতিনির্ধারকদের সঙ্গে সময় কাটানো, ভবিষ্যৎ পথচলা ও লক্ষ্য নিয়ে একমত হওয়া জরুরি। দেশে ফেরা এবং মাঠের বাইরে কিছু সময় কাটানো নিয়ে আমি রোমাঞ্চিত। কিন্তু মেলবোর্নে গিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া ও নির্বাচকদের সঙ্গে সময় কাটাতেও আমি উদগ্রীব।’লম্বা ছুটি শেষেই অস্ট্রেলিয়ার জন্য অপেক্ষা করছে কঠিন সব সিরিজ। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকায় সিরিজ শেষে দেশের মাটিতে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ। সদ্য সমাপ্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়লেও অস্ট্রেলিয়া মৌসুম শেষ করেছে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই। অস্ট্রেলিয়া সত্যিই এক নম্বর কি না, এটা নিয়ে সন্দিহান অনেকেই। তবে ক্লার্কের দাবি তাদের শীর্ষস্থান যথার্থই, ‘পরিসংখ্যানে প্রমাণ মিলবে আমরা এক নম্বরে আছি যৌক্তিকভাবেই। একটা বিশ্বকাপই সবকিছু নয়। লম্বা সময় ধরে আমরা টানা অনেকগুলো ম্যাচ জিতেছি। তবে এটাও ঠিক, উন্নতি করতে হলে এবং উন্নতির ধারা ধরে রাখতে হলে নিজেদের খেলা নিয়ে আমাদের অনেক কাজ করতে হবে।’ ওয়েবসাইট।