শ্রেষ্ঠত্বের সঙ্গে অর্থযোগও
র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকতে সিরিজটা ড্র করলেই চলত। এই দক্ষিণ আফ্রিকা কি আর ড্রতে বিশ্বাস করে! এক টেস্ট বাকি রেখেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে গ্রায়েম স্মিথের দল। টানা ষষ্ঠ সিরিজ জয়ে নিশ্চিত হয়েছে সাড়ে চার লাখ ডলার অর্থযোগও। ১ এপ্রিল যে দল টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকে, সেই দলকে স্মারক ট্রফি ছাড়াও অর্থ পুরস্কার দেয় আইসিসি। এবার সেই অর্থের অঙ্কটা বেড়ে গেছে আড়াই গুণেরও বেশি। গত বছর র্যাঙ্কিং-সেরা দল পেয়েছিল ১ লাখ ৭৫ হাজার ডলার। ২০০৯ সালে তিন মাসের জন্য র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকলেও আসল সময়ে অর্থাৎ ১ এপ্রিল দক্ষিণ আফ্রিকা শীর্ষে থাকবে এই প্রথম। কেপটাউনে জিতে দক্ষিণ আফ্রিকা পেয়েছে টানা পঞ্চম জয়। ১৪ ম্যাচে অপরাজিত দলটি সর্বশেষ হেরেছে ২০১১ সালের ডিসেম্বরে ডারবানে শ্রীলঙ্কার বিপক্ষে। এর পর থেকে দক্ষিণ আফ্রিকার জয়রথে নিয়মিতই পিষ্ট হতে হয়েছে প্রতিপক্ষ দলকে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড হেরেছে নিজেদের দেশেই। সর্বশেষ ১৪ টেস্টের নয়টিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা, এর মধ্যে তিনবার জিতেছে ইনিংস ব্যবধানে। কেপটাউনে অবশ্য অপ্রতিরোধ্য এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালোই প্রতিরোধ গড়ে তুলেছিল পাকিস্তান। লিড নিয়েছিল প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে অমন ব্যাটিং বিপর্যয়ের শিকার না হলে ম্যাচের ফল কী হতো বলা মুশকিল। তাই জিতে যেন হাঁফ ছেড়ে বেঁচেছেন সবচেয়ে বেশি টেস্টজয়ী অধিনায়ক স্মিথ, ‘এটা আমাদের সবচেয়ে তৃপ্তিদায়ক জয়গুলোর একটি। তৃতীয় দিনে (শুরুতে) আমরা চাপে ছিলাম। আমাদের দরকার ছিল দারুণ দুটি দিন। এভাবে খেলতে পারাটা অবিশ্বাস্য।’পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক অবশ্য দ্বিতীয় ইনিংসে ভেঙে পড়ার চেয়েও বড় ‘টার্নিং পয়েন্ট’ মনে করছেন দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে রবিন পিটারসনের ৮৪ রানকে। পিটারসন যখন নেমেছিলেন, ৪ উইকেট হাতে নিয়ে দক্ষিণ আফ্রিকা তখনো ১৭৪ রানে পিছিয়ে। অলআউট হওয়ার আগে সেই ব্যবধানটা দাঁড়ায় মাত্র ১২ রান। তবে ১৬৪ রানে হারের জন্য নিজেদের ভুলগুলোকেও বড় করে দেখছেন পাকিস্তানি অধিনায়ক, ‘দোষটা আমাদেরই। আমার অনেকগুলো ভুল করেছি। বিশ্বসেরা দলের বিপক্ষে আপনি এটা করে পার পেতে পারেন না।’ এএফপি, ওয়েবসাইট।