
অবশেষে শেষ হলো ভারতের বিশ্বকাপ অভিযান। আমি জানি, সময়টা খুবই হতাশার, বিশেষ করে মাঠের ১১ জনের জন্য। কিন্তু শেষ পর্যন্ত ভারত শ্রেয়তর একটা দলের কাছেই হেরেছে।
অস্ট্রেলিয়া নিজেদের মাঠে সব সময়ই দুর্দান্ত। একমাত্র নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচটা বাদ দিলে পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষকে খুব একটা দাঁড়াতেই দেয়নি। নিউজিল্যান্ডের সঙ্গে ওই ম্যাচ থেকে অস্ট্রেলিয়া শিক্ষা নিয়ে প্রতি ম্যাচেই একটু একটু করে উন্নতি করেছে। টুর্নামেন্টে আগের সব ম্যাচ জেতা ভারত তাই তাদের সঙ্গে পারেনি।
ভারতের সবকিছুই ঠিকঠাক হচ্ছিল। ব্যাটসম্যানদের ব্যাটে রান ছিল, বোলাররাও তাদের লাইন-লেংথ খুঁজে পেয়েছিল। কিন্তু টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে এসেই বোলাররা খেই হারিয়ে ফেলেছে, ব্যাটসম্যানদের কাজটা অনেক কঠিন করে ফেলেছে। পরাজয়ের ব্যবধানই বলে দেয় সবকিছু। শিরোপাপ্রত্যাশী যেকোনো দলের সঙ্গে ৯৫ রানে হেরে যাওয়াটা একটা লজ্জা। অথচ ইনিংস শুরু করার সময় কিন্তু ভারত আশাই দেখছিল। আমি জানি, ৩২৯ কঠিন একটা লক্ষ্য, কিন্তু ভারতের ব্যাটিংয়ের কি এই পর্বত টপকানোর সামর্থ্য নেই?
রোহিত শর্মা ফর্মে ছিল। শিখর ধাওয়ানও বেশ আগ্রাসী মেজাজে ছিল। কিন্তু তার শট নির্বাচন ততটা ভালো ছিল না। যখনই বড় রানের আভাস দিয়েছে, তখনই সে আউট হয়ে গেছে। আমি আশা করেছিলাম, এ রকম একটা বড় উপলক্ষে ভারতের ব্যাটসম্যানরা নিজেদের সেরাটা দেবে। আমি আলাদা করে কারও কথা বলব না। এই দলটা তরুণ, আমি শুধু অভিজ্ঞতার অভাব নিয়েই একটু শঙ্কিত ছিলাম। ২০১১ সালের দলটা এদিক দিয়ে পরিপূর্ণ ছিল।
বড় ম্যাচে আসলে মনোভাবটাই পার্থক্য গড়ে দেয়। টসে হারার পর ধোনির শরীরী ভাষা আমাকে একটু অবাক করেছে। সে নিচের দিকে তাকিয়ে ছিল, এটা ঠিক তার সঙ্গে যায় না। এই ম্যাচে তাকে অনেক রক্ষণাত্মক মনে হয়েছে। তার পরও সে যা করেছে তার জন্য ধন্যবাদ তার পাওনা।
প্রথমে ব্যাটিং করতে পারলে সব সময়ই ভালো। তখন চাপটা কম থাকে, অস্ট্রেলিয়া আজ সেটা ভালোমতোই দেখিয়েছে। উইকেটে বোলারদের জন্য কিছুই ছিল না, এটা তাদের পক্ষে গেছে। আমি জানি, উইকেট থেকে সাহায্য পেলে ভারতের বোলাররা ভালো করে। কালকের আগ পর্যন্ত সেভাবে ওদের পরীক্ষাও দিতে হয়নি। আমি এটাকে অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছি না, কিন্তু ম্যাচে এ ব্যাপারটা প্রভাব ফেলেছে। পুরো গ্রীষ্মে যারা তাদের ভুগিয়েছে, সেই দলের সঙ্গে বোলারদের পারফরম্যান্স অনেক খারাপ হয়েছে। মনে হচ্ছিল, যেন টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের ভূতটাই তাদের তাড়া করে ফিরছে।
আমি জানি অস্ট্রেলিয়া তাদের ‘হোমওয়ার্ক’ ঠিকঠাক করে এসেছিল। কোহলির উইকেটটা তো পরিকল্পনা করেই নেওয়া। প্রথমে ওরা রান না দিতে দিয়ে ওকে অস্থির করে তুলেছে। ১২ বল খেলে ফেলায় চাপটাও বাড়ছিল। মোট কথা, কাল দিনটা ওর ছিল না। শেষ পর্যন্ত তো জনসনের কাছে হেরেই গেল।
রবীন্দ্র জাদেজাকে নিয়েও আমার দুশ্চিন্তা আছে। অধিনায়কের সমর্থন পাওয়া আসলেই ভালো, জাদেজাও সেটি পেয়েছে। কিন্তু ব্যাটিং-বোলিংয়ে সে বলার মতো কিছু করতে পারেনি। ৭ নম্বরে তার কাছ থেকে আরও বেশি প্রত্যাশা থাকে। অশ্বিন আবারও দলের সেরা বোলার। কিন্তু একা ব্যবধান গড়ে দিতে পারেনি।
তবে ভারতের উৎসাহের অনেক কারণ আছে। অনেক ভালো খেলোয়াড় আছে, পরের বিশ্বকাপের জন্য তাদের এখন থেকেই যত্ন নিতে হবে। অক্ষর প্যাটেলদের মতো তরুণেরা পরিণত হচ্ছে। ধাওয়ানকে আরও পরিণত হতে হবে, রোহিত শর্মাকেও তাই। রায়না ভুল সময়ে আউট হয়ে গেছে, ওকে সেটা কাটিয়ে উঠতে হবে। রাহানে দারুণ ধারাবাহিক ও ভবিষ্যতের তারকা। সেমিফাইনালে ওঠার জন্য ভারতের এই দলকে টুপিখোলা সম্মান। (পিচ সলিউশন)