ষড়যন্ত্র দেখছেন আজমল
বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় দুই বছর হতে চলল, হঠাত্ করেই ব্রিটেনের এক সাংবাদিক অভিযোগ তুললেন যে ভারত ও পাকিস্তানের বিশ্বকাপ সেমিফাইনাল পাতানো ছিল! এমন অভিযোগ নিয়ে গণমাধ্যমে সংবাদ হতে পারে, কিন্তু এই অভিযোগ মেনে নেওয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না কেউই। বিশেষ করে যাঁরা ওই ম্যাচটি খেলেছেন, তাঁরা ব্রিটিশ ওই সাংবাদিকের অভিযোগকে উড়িয়ে দিতে চাইছেন এক কথাতেই। পাকিস্তানি অফ-স্পিনার সাঈদ আজমল মোহালির ওই ম্যাচে খেলা প্রথম খেলোয়াড়, যিনি এ ব্যাপারে মুখ খুললেন। এর আগে কালই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ব্রিটিশ সাংবাদিকের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, এ ধরনের অভিযোগের অর্থ ওই ম্যাচের জয়ী দল ভারতকে অপমান করা।ওই ম্যাচে পরাজিত পাকিস্তানের হয়ে মাঠে নামা সাঈদ আজমল বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যকার আসন্ন সিরিজ পণ্ড করতেই এ ধরনের ভিত্তিহীন অভিযোগ সামনে নিয়ে আসা হচ্ছে।তিনি আরও বলেন, পাতানো ম্যাচের এই অভিযোগ ভিত্তিহীন। কারণ, দুই দলই জয়ের জন্য তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল।আজমল পাকিস্তানের সংবাদভিত্তিক চ্যানেল ‘দুনিয়া’র সঙ্গে এক সাক্ষাত্কারে বলেন, ‘আমি ওই ম্যাচে খেলেছি। আমি জানি জয়ের জন্য দুই দলের খেলোয়াড়েরা কী তীব্র লড়াই গড়ে তুলেছিল।’আজমল পাল্টা অভিযোগ করে বলেন, যদি ম্যাচটি পাতানো বলে কোনো তথ্য ওই ব্রিটিশ সাংবাদিকের কাছে থেকে থাকে, তাহলে এত দিন তিনি তা প্রকাশ করেননি কেন?এদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের তত্কালীন সভাপতি ইজাজ বাট বলেছেন, ব্যাপারটি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের উচিত আইসিসির সঙ্গে আলোচনায় বসা। বাট বলেন, ‘যেহেতু আমি এখন আর পিসিবির কেউ নই, সুতরাং ব্যাপারটি নিয়ে আমার মন্তব্য করা উচিত নয়। তবুও আমি বলব, ব্যাপারটি নিয়ে পিসিবির উচিত আইসিসির সঙ্গে আলোচনা করা।’ তিনি বলেন, ‘এটা ঠিক যে ২০১১ সালের মার্চে অনুষ্ঠিত ওই ম্যাচের কয়েক দিন পর পাতানো খেলা-সম্পর্কিত বিভিন্ন অভিযোগ আমার কানে এসেছিল। কিন্তু সেই অভিযোগগুলো কোনো প্রমাণের ওপর ভিত্তি করে করা হয়েছিল বলে আমার জানা নেই। ওই সময় আইসিসিও ব্যাপারটিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিল।’পাকিস্তান ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি জাকা আশরাফ এই অভিযোগের ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি। জাকা আশরাফ কেবল এতটুকুই বলেছেন, ওই সময় তিনি যেহেতু পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান ছিলেন না, তাই এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। ইএসপিএন