ষড়যন্ত্রের অভিযোগ আনলেন জিমিরা

এশিয়া কাপে ব্যর্থতার তদন্ত প্রতিবেদন আজ হকি ফেডারেশনের কাছে জমা দিতে পারে সংশ্লিষ্ট কমিটি। তার আগেই তদন্ত কমিটির সূত্র দিয়ে কয়েকজন সিনিয়র খেলোয়াড়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এসেছে একটি পত্রিকায়। যাতে বলা হয়েছে, এশিয়া কাপে খেলোয়াড়েরা মদ খেয়ে অনুশীলনে নামতেন। কয়েকজন সিনিয়র খেলোয়াড় শৃঙ্খলাও ভেঙেছেন। তারই ভিত্তিতে চার সিনিয়র খেলোয়াড়কে নাকি সাময়িক নিষিদ্ধ করার সুপারিশ থাকছে তদন্ত প্রতিবেদনে।
পত্রিকায় ওই খবর দেখে চার খেলোয়াড় কাল বিকেলে হকি স্টেডিয়ামে সংবাদ সম্মেলন ডেকেছিলেন। তাঁদেরই অন্যতম স্ট্রাইকার রাসেল মাহমুদ (জিমি) এসব অভিযোগ উড়িয়ে দিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন, ‘আমাদের বিরুদ্ধে এসব কথাবার্তা খুবই লজ্জাজনক। পারিবারিক ও সামাজিক জীবনে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। রাস্তায় বেরোতে পারছি না।’
তদন্ত প্রতিবেদন জমা পড়ার আগেই রায় ঘোষণা কীভাবে হয়—এই প্রশ্ন তুলে জিমির পাল্টা প্রশ্ন, ‘আমরা খেলোয়াড়েরা মদ খেয়ে মাঠে নেমেছি, আমাদের নিয়ে নাকি মদের আড্ডা বসিয়েছেন কোচ মাহবুব হারুন ভাই। এমন কিছুই তো হয়নি। এসব বাজে কথার মানে কী?’
বিকেএসপির কোচ কাউসার আলীর নেতৃত্বাধীন তদন্ত কমিটির কাছেই এসব প্রশ্ন জিমির। অবশ্য এই কমিটির ‘নিরপেক্ষতা’ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি, ‘আমরা নিরপেক্ষ তদন্ত কমিটি করার দাবি জানাই ফেডারেশনের সভাপতির কাছে। সেই কমিটি দোষী সাব্যস্ত করলে আমরা যেকোনো শাস্তি মেনে নেব।’
সংবাদ সম্মেলনে জিমির সঙ্গে কামরুজ্জামান, ইমরান হাসান ও জাহিদ হোসেন উপস্থিত থাকলেও মূলত কথা বলেছেন জিমিই। কথা তো নয়, ছুড়লেন এক-একটি সমালোচনার তির। যার একটি গিয়ে লেগেছে প্রধান কোচ নাভিদ আলমের গায়েও, ‘পাকিস্তানি কোচ দল পরিচালনায় যেভাবে ব্যর্থ হলেন, সেই তদন্ত করবে কে?’
জিমির প্রশ্ন এবং ক্ষোভ আছে আরও, ‘নির্বাচক কমিটির দুজন (সাবেক দুই খেলোয়াড় মামুনুর রশিদ ও রফিকুল ইসলাম কামাল) তদন্ত কমিটিরও সদস্য। দল নির্বাচন যে ঠিক হয়নি, সেটার তদন্তও চাই। তাঁরাও তো তাহলে ব্যর্থতার অংশ। ১৮ জনের দলে মাত্র দুজন প্রথাগত মিডফিল্ডার নেওয়া হয়েছে। এদের একজন সাব্বির রানাকে তো খেলানোই হয়নি। আমাকে, বিপ্লব, মিমো, নিলয়কে কেন মাঝমাঠে খেলানো হলো? আমরা মাঝমাঠের খেলোয়াড় নই।’
দিল্লিতে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে তো জিমি সেরা মিডফিল্ডার হয়েছিলেন। তাহলে কেন এশিয়া কাপে মাঝমাঠে খেলানো নিয়ে প্রশ্ন তুলছেন? জিমির জবাব, ‘দিল্লিতে আমি পুরোপুরি মাঝমাঠে খেলিনি। নিচ থেকে বল নিয়ে যেতে পারি বলে আমাকে সেরা মিডফিল্ডারের পুরস্কার দেওয়া হয়েছে। তবে মূলত আমি ফরোয়ার্ড।’
জাতীয় দলে থাকা সার্ভিসেস দলগুলোর খেলোয়াড়দের বিরুদ্ধে কোনো কথা বলা হচ্ছে না কেন, এমন প্রশ্নও তুলেছেন জিমি। উত্তরটাও তাঁর জানা, ‘সার্ভিসেস দলগুলোর সঙ্গে যুক্তরা তদন্ত কমিটিতে আছেন। তাই ওরা সবকিছুর ঊর্ধ্বে। আমরা মোহামেডানে খেলি এবং দলবদলের জন্য আন্দোলন করেছি, এটাই আমাদের অপরাধ।’
অভিযুক্ত আরেকজন, গোলরক্ষক জাহিদ ‘ষড়যন্ত্র’ দেখছেন, ‘মদ খাওয়ার ব্যাপারটা সরাসরি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র।’ বাকি তিনজনের সুরও তা-ই। টেলিফোনে যোগাযোগ করা হলে মাহবুব হারুনও মদের আসর বসানোর অভিযোগ অস্বীকার করে বললেন, ‘এটা পরিকল্পিত মিথ্যা, বানোয়াট ও সম্মানহানিকর।’