ষষ্ঠ তারকার খোঁজে ব্রাজিল

দিন দশেক আগে রিও ডি জেনিরোতে হলো ব্রাজিলের নতুন বিশ্বকাপ জার্সির উন্মোচন অনুষ্ঠান। বিখ্যাত সেই হলুদ-সবুজ জার্সি কোচ লুইস ফেলিপে স্কলারির হাতে তুলে দেওয়ার পর জিজ্ঞেস করা হয়েছিল—কেমন হলো নতুন ডিজাইন?
ব্রাজিল কোচের জবাব, ‘সবই ঠিক আছে। শুধু একটা জিনিস নেই—ছয় নম্বর তারা। তবে আমার মনে হয় এবারের বিশ্বকাপের পর সেটাও এসে যাবে।’
যাঁরা বোঝেননি তাঁদের জন্য তথ্য, পাঁচবার বিশ্বকাপ জয়ের স্মারক হিসেবে ব্রাজিলের জার্সিতে আছে পাঁচটি তারা।
ছয় নম্বর তারাটা কি এনে দিতে পারবেন স্কলারি? ব্রাজিল কোচ আশাবাদী, ‘আমার তো মনে হয়, আমাদের দারুণ সুযোগ আছে এবার। আমরা নিজের মাঠে খেলব, দলটা ভালো, আছে অসাধারণ খেলোয়াড় আর আমাদের পেছনে আছে সমর্থক।’
কনফেডারেশনস কাপের শিরোপা, সর্বশেষ ছয়টি প্রীতি ম্যাচের সবগুলোতেই জয়—ছাত্রদের নিয়ে যে দিন দিন আশাবাদী হয়ে উঠছেন স্কলারি, সেটা বোঝা গিয়েছিল টরন্টোতে সর্বশেষ প্রীতি ম্যাচে চিলিকে ২-১ গোলে হারানোর পরই, ‘আমি এখনো ২৩ জনের দল ঠিক করিনি, এখনো খেলোয়াড়দের দেখছি, তবে এটাই আমার দল।’
কোচের আস্থার প্রতিদান দিতে পারবেন তো নেইমার-অস্কাররা? এএফপি।