ষষ্ঠ হওয়ার প্রত্যাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত গুয়াংজু এশিয়ান গেমসে ১০ দলের মধ্যে হয়েছিল অষ্টম। এবার বাংলাদেশ হকি দল গতবারের চেয়ে ভালো করতে চায়। সপ্তম হতে পারলেই ‘এই বেশ ভালো হলো’ অনুভূতি জাগতেই পারে। তবে এবার ১৯ সেপ্টেম্বর-৪ অক্টোবর অনুষ্ঠেয় ইনচন গেমসে ষষ্ঠ হওয়ার ইচ্ছা নিয়ে যাবেন মামুনুর রহমান চয়নরা। এশিয়ান গেমসে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী রানার্সআপ মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান ও সিঙ্গাপুর। ‘বি’ গ্রুপে আছে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান, ভারত, চীন, ওমান ও শ্রীলঙ্কা।
গত বছর এশিয়া কাপে প্রত্যাশামতো ভালো করতে না পারাটা এখনো পোড়ায় চয়নদের। এবার এশিয়ান গেমসে একটু ভালো করেই সেই অতৃপ্তি ঘোচাতে চান তাঁরা। বিকেএসপিতে অনুশীলন ক্যাম্প শেষ করে দল ঢাকায় ফিরবে ২৭ আগস্ট। বিকেএসপিতেই ভারতের সঙ্গে তিন ম্যাচের সিরিজ খেলেছে বাংলাদেশ। সিরিজে ধবলধোলাই হলেও তারুণ্যনির্ভর বাংলাদেশ দলের পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে হকি অঙ্গনের। আগামী ৫-৭ সেপ্টেম্বর ঢাকায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিশ্ব হকি লিগের প্রথম রাউন্ডের খেলাও বাংলাদেশকে এশিয়াডের জন্য প্রস্তুত হওয়ার ভালো সুযোগ দেবে। আপাতত এই টুর্নামেন্টের দিকেই তাকিয়ে মামুনুর, ‘ঢাকায় বিশ্ব হকি লিগে খেলাটা আমাদের খুব কাজে লাগবে।’
গত এশিয়ান গেমসে বাংলাদেশ গ্রুপপর্বে জাপানের কাছে হেরেছিল ৩-১ গোলে। কিন্তু চয়ন খুব আত্মবিশ্বাসী, জাপান এবার দেখবে অন্য বাংলাদেশকে, ‘গ্রুপে চীনকে আশা করেছিলাম। তবে জাপানও একই মানের দল। ওদের সঙ্গে ভালো প্রতিদ্বন্দ্বিতাই হবে। গ্রুপিংটা যেমনই হোক, ষষ্ঠ হওয়ার প্রত্যাশা নিয়েই এবার খেলব।’ চোটের কারণে দীর্ঘদিন দলে নেই ডিফেন্ডার মশিউর রহমান। মাঝমাঠে থাকছেন না শেখ মোহাম্মদ নান্নু ও সাব্বির রানা। পরীক্ষার কারণে ক্যাম্প ছেড়ে গেছেন নান্নু, সাব্বির ছিটকে গেছেন চোটে পড়ে। তবে এসব নিয়ে মোটেও শঙ্কিত নন চয়ন, ‘ওদের অভাব একটু অনুভূত হবে হয়তো। তবে ওদের বিকল্পও আছে। এখনো মাস খানেক বাকি এশিয়ান গেমসের। দলের সবার মধ্যে যথেষ্ট ঐক্য। আশা করি, সবকিছু সামলে এশিয়াডে ভালোই খেলব আমরা।’