ফুটবল মাঠে প্রতিপক্ষকে ধাঁধায় ফেলাটা ছিল তাঁর বাঁ পায়ের খেল। প্রতিপক্ষকে বোকা বানাতে ডিয়েগো ম্যারাডোনার মতো ওস্তাদ আর কজনই-বা ছিল! সেই ম্যারাডোনাই দিন দু-এক আগে বোকা বনে গেলেন বুয়েনস এইরেসের বিমানবন্দরে। দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়ছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। কিন্তু ম্যারাডোনার পাসপোর্ট ‘চুরি’ হয়েছে এই কারণ দেখিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁকে বিমানে উঠতেই দিল না। মজার ব্যাপার, ‘চুরি’ হওয়া সেই পাসপোর্ট তখন ম্যারাডোনার হাতে। তাঁর আইনজীবী ডিয়েগো মোরিয়া জানিয়েছেন, কে বা কারা নাকি ম্যারাডোনার পাসপোর্ট চুরির ভুয়া অভিযোগ করেছিল। ঝামেলাটা তা নিয়েই। তবে এর পেছনে সরকারি ষড়যন্ত্রও খুঁজে পেয়েছেন ম্যারাডোনার আইনজীবী, ‘ডিয়েগো এই ঘটনায় খুব অবাক হয়েছেন। তিনি সরকারের সমালোচনা করার ঠিক পরেই এই ঘটনা ঘটল।’ গত মাসে ম্যারাডোনা বলেছিলেন, নতুন সরকার ক্ষমতায় আসার পর ‘মুখ থুবড়ে’ পড়েছে আর্জেন্টিনা। এএফপি।