ষড়যন্ত্র-তত্ত্ব উড়িয়ে দিল হক-আই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো কি সন্দেহ আছে সাঈদ আজমলের মনে? পাকিস্তানি স্পিনার তাহলে একবার ঢুঁ মেরে আসতে পারেন হক-আই ইনোভেশনসের ওয়েবসাইট থেকে। শচীন টেন্ডুলকারের যে আউটটি নিয়ে সন্দেহ, সেটির বিস্তারিত তথ্য নিজেদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছেন হক-আই প্রযুক্তির নিমার্তারা। ভারত-পাকিস্তান সেমিফাইনালে ৮৫ রানের ইনিংস খেলেছিলেন টেন্ডুলকার। যে ইনিংসটায় ছয়-ছয়বার বেঁচে গেছেন আউট হওয়া থেকে। এর মধ্যে একটি ছিল আজমলের বলে এলডিব্লু আউট হওয়া থেকে বেঁচে যাওয়া। মাঠের আম্পায়ার আউটই দিয়েছিলেন। এরপর রেফারেল নেন টেন্ডুলকার। হক-আই দেখায় বলটি লেগ স্টাম্প মিস করে যেত। সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন মাঠের আম্পায়ার।ওই ম্যাচের পরে আজমল এই প্রযুক্তি নিয়ে প্রশ্ন তোলেন। পাকিস্তানের অফ স্পিনারের যুক্তি, হক-আই যতটা টার্ন দেখিয়েছে, তাঁর বল অতটা বাঁক খাওয়ার কথা নয়। কারণ ডেলিভারিটি তিনি করেছিলেন আর্ম বল। যেটি টার্ন করার বদলে অনেকখানি সোজা যাওয়ার কথা ছিল।এই বিতর্কের প্রেক্ষাপটেই হক-আই ইনোভেশনস তাদের ওয়েবসাইটে ওই আউটের ব্যাপারে বিস্তারিত প্রতিবেদন দিয়েছে। হক-আই ইনোভেশনসের ব্যবস্থাপনা পরিচালক স্টিভেন কার্টার বলেছেন, ‘হক-আই ওই ডেলিভারির যে পথটি দেখিয়েছে, সেটি নির্ভুল। আম্পায়ারের সিদ্ধান্ত প্রত্যাহারে ডিসিশন রিভিউ পদ্ধতি সঠিকভাবেই ব্যবহূত হয়েছে।’কার্টারের ব্যাখ্যা, আজমল বলটি ডেলিভারি করেছেন কোনাকুনিভাবে। ফলে সেটি অফ স্টাম্পের বাইরে পিচ করে লেগের দিকেই যাচ্ছিল। টেন্ডুলকারের প্যাডে লাগার সময় বলটি মিডল স্টাম্পে ছিল ঠিকই, কিন্তু তাঁর পাও ছিল দুই মিটার সামনে। হক-আইয়ের রিপ্লে দেখানোর সময় কারসাজি করা হয়েছে—এমন ষড়যন্ত্র-তত্ত্বও উড়িয়ে দিয়েছেন কার্টার, ‘তাত্ত্বিকভাবে এমনটা করা সম্ভব। কিন্তু আপনি যদি বাস্তবতা বিবেচনা করেন, আপনার পক্ষে সেখানে কারসাজি করা সম্ভব নয়।’ ওয়েবসাইট।