ষড়যন্ত্র-তত্ত্ব ও কাঠগড়ায় রেফারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিগ গেম বিহাইন্ড দ্য সিন’—ইংরেজিতে ঠিক এই বাক্যটাই বললেন মারুফুল হক। সোজা বাংলায় তাঁর দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ! ঘরোয়া ফুটবলে ষড়যন্ত্র-তত্ত্বটা নতুন নয়। দলগুলো হরহামেশাই এমন অভিযোগ তোলে। রেফারি দিয়ে তাদের হারানো হয়েছে, টেবিলে ম্যাচ হচ্ছে, এসব বহুচর্চিত অভিযোগ বেশ কিছুদিন বাদে ফিরে এল কাল। শেখ রাসেলের কোচ সাধারণত অন্যের ঘাড়ে দোষ দেন না। তবে এদিন তিনি মহাক্ষুব্ধ।আবাহনী-শেখ রাসেল ম্যাচে রেফারি মিজানুর রহমানই ছিলেন সবচেয়ে আলোচিত চরিত্র। মারুফ বোঝালেন, রেফারিকে প্রভাবিত করা হয়েছে বলেই কাল তাঁর দল অবিচারের শিকার। ম্যাচে অতিরিক্ত ৬ মিনিট দেওয়ার বিরুদ্ধেও তীব্র ক্ষোভ তাঁর। এ অবস্থায় শেখ রাসেলের শিরোপা জয়ের সম্ভাবনাও ক্ষীণ দেখছেন, ‘আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে যাতে চ্যাম্পিয়ন হতে না পারি। এর আগেও জামাল ও মোহামেডানের বিপক্ষে আমরা জিততে পারিনি রেফারির কারণে। তবে এর বিরুদ্ধে মাঠে এবং মাঠের বাইরে লড়াই করে যাব।’ ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মারুফ উচ্চকণ্ঠ ছিলেন দ্বিতীয় পর্বে।প্রথম পর্বে আবাহনী কোচ আরদেশির পোরনেমাতও রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ জানিয়ে গেলেন। ‘দুর্বল রেফারিং, রেফারি ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারেননি’—বলার পরে ছোটখাটো একটা বোমাই ফাটালেন ইরানি কোচ। সাধারণত কোচরা নিজের দলের দোষ ঢাকেন। কিন্তু পোরনেমাত বললেন, ‘আমাদের ফ্রাঙ্ক তো লাল কার্ড দেখে আজ।’ রেফারিং কতটা দুর্বল হয়েছে এই একটা উদাহরণ দিয়েই বুঝিয়ে দিলেন আবাহনীর কোচ।কোনো কোচ নিজ দলের খেলোয়াড়ের লাল কার্ড দেখা উচিত ছিল বলে স্বীকারোক্তি করছেন, ব্যাপারটা ঢাকার ফুটবলে অন্তত অভূতপূর্ব। ইব্রাহিমকে করা কড়া ফাউলে পেনাল্টি না দেওয়াতেও ক্ষোভ জানিয়েছেন পোরনেমাত।রেফারিং নিয়ে এত দিন সেভাবে কথা বলেননি। আবাহনীতে তাঁর পূর্বসূরি আলী আকবর প্রায়ই রেফারিং নিয়ে ক্ষোভ জানাতেন। আপাতশান্ত পোরনেমাত ক্ষুব্ধ হয়ে উঠলেন কাল, মাঠটাও ছিল তাঁর ক্ষোভের কারণ, ‘মাঠটা খেলার অনুপোযোগী ছিল। এই মাঠে রেফারি খেলোয়াড়দের নিরাপত্তা দিতে না-পারাটা দুঃখজনক। কদিন পরই জাতীয় দলের ম্যাচ। এই সময়ে খেলোয়াড়েরা আহত হতে পারত।’ আবাহনীর কোচ এরপরই প্রশ্ন তুললেন, ‘এই রেফারিকে গত তিনটি ম্যাচেই দেখলাম। বারবার একজন কেন?’উত্তর সংশ্লিষ্টরাই ভালো জানেন। তবে আশঙ্কা এই, লিগে না এসব নিয়েই শেষে বড় ঝামেলা বাধে!