ষড়যন্ত্র দেখছেন আকরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধেও। ১৯৯৯ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তুলেও ম্যাচ ইচ্ছে করেই ছেড়ে দেওয়ার অপবাদ সইতে হয়েছে। ওয়াসিম আকরাম তাই জানেন, কারও বিরুদ্ধে প্রমাণের আগেই এমন অভিযোগ জানাজানি হয়ে যাওয়াটা কত কষ্টের। কামরান আকমল আর রানা নাভেদের দুঃখটা তাই বুঝতে পারছেন সাবেক অধিনায়ক।পাকিস্তানের সর্বোচ্চ টেস্ট (৪১৪) আর ওয়ানডে (৫০২) উইকেটের মালিক বলছেন, দলের এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগের পেছনে তিনি খুঁজে পাচ্ছেন ষড়যন্ত্র, ‘আমি জানি অভিযোগটা সত্যি নয়। কারণ এই দুই খেলোয়াড় এ ধরনের ভয়ঙ্কর কাজের সঙ্গে যুক্ত হতে পারেই না। পাকিস্তানের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করার জন্য সব সময়ই আমাদের ক্রিকেটারদের এ ধরনের কেলেঙ্কারিতে জড়ানোর চেষ্টা চালানো হয়। এটা দুঃখজনক।’১৮ বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলে খেলেছেন। অধিনায়কত্বও করেছেন। আকরাম ভালো করেই জানেন, পাকিস্তানের ক্রিকেট দলের সবচেয়ে বড় সমস্যার নাম কোন্দল। কাল আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বোলিং পরামর্শক হিসেবে যোগ দিতে দেশ ছাড়ার আগে তাই বলে গেলেন, দলেরই কিছু খেলোয়াড়কে অন্যকে বিপদে ফেলার জন্য এ ধরনের কুত্সা অনেক সময় রটায়। ‘অনুমান করতে পারছি যা হয়েছে সেটি সত্যিই হতাশাজনক। কারণ এ সময় বিভেদ নয়, খেলোয়াড়দের একে অন্যের সমর্থন দরকার। অন্য কোনো দেশে কিন্তু এ ধরনের কোনো অভিযোগ ওঠে না। তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থাও নেওয়া হয় না। কেবল পাকিস্তানেই এটা সব সময় হচ্ছে। এটা আমাদের খেলোয়াড়দের মনোযোগে ব্যাঘাতও ঘটাচ্ছে’—বলেছেন আকরাম। ওয়েবসাইট।