ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন ম্যারাডোনা
পুরোটাই তাহলে ফিফার ষড়যন্ত্র? রেফারির বদান্যতাতেই ব্রাজিল কলম্বিয়াকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে? কথাটা ডিয়েগো ম্যারাডোনার বলেই এতে খুব একটা অবাক হওয়ার কিছু নেই। ফিফার সমালোচনা তো এই প্রথম করেননি আর্জেন্টাইন কিংবদন্তি!
ব্রাজিল-কলম্বিয়া ম্যাচটা ছিল ফাউলে ফাউলে ভরা। বিশ্বকাপে এক ম্যাচে সবচেয়ে বেশি ফাউলের (৫৪টি) রেকর্ড ‘গড়েছে’ দলটি। তাতে ব্রাজিলের ‘অবদান’ বেশি, স্বাগতিকেরাই করেছে ৩১টি ফাউল। ম্যারাডোনার দাবি রেফারি ভালেসকো কারবালোর কারণেই কলম্বিয়া জয়বঞ্চিত হয়েছে, ‘আমার মনে হয় ওরা অনেক চিন্তাভাবনা করেই এই রেফারিকে বেছে নিয়েছে। বিশেষ করে সেসব গুরুত্বপূর্ণ মুহূর্তে যখন কলম্বিয়ার জেতার সম্ভাবনা বেশি ছিল।’
ওই ম্যাচে কলম্বিয়ান প্লে-মেকার হামেস রদ্রিগেজকে ফাউল করা হয়েছে ছয়বার। ম্যারাডোনা সে জন্য সরাসরি তির তুলেছেন ব্রাজিল ডিফেন্ডার ডেভিড লুইজের দিকে। তাঁর দাবি, লুইজ ইচ্ছে করে হামেসকে ফাউল করেছিলেন। এবং সে জন্য রেফারি কোনো কার্ড না দেওয়ায় ম্যারাডোনা ক্ষুব্ধ। হাল্ক ও হুলিও সিজারও লাল কার্ড দেখার মতোই অপরাধ করেছিলেন বলে তাঁর মত। স্বভাবসুলভ চাঁছাছোলা ভাষায় বলে দিলেন, ‘গত ১০ বছরে আমি এর চেয়ে বাজে রেফারিং আর দেখিনি।’
সেপ ব্ল্যাটারের সঙ্গে আগে থেকেই বৈরী সম্পর্ক। এবার তো ফিফা সভাপতিকে সরাসরি ‘একনায়কই’ বলে বসলেন। যেভাবে ব্রাজিল সেমিফাইনালে উঠল, তাতে অন্য কিছুর গন্ধ খুঁজে পাচ্ছেন, ‘আমার মনে হয় মাঠেই কোনো একটা সমঝোতা হয়ে যাচ্ছে। সবকিছু সেই পরিকল্পনামতোই চলছে। সেই একনায়ক এখন বলছে, দেখ, ব্রাজিলকে কীভাবে পার করে দিলাম!’
এখানেই থামলে শেষ হতো। ম্যাচের পর রেফারিকে ফিফা ধন্যবাদ জানানোয় ম্যারাডোনার প্রতিক্রিয়া, ‘দেখলাম ফিফা রেফারিকে অভিনন্দন জানাচ্ছে। আমি নিজেকে বললাম, এসব কী? তারা কি আদৌ খেলাটা দেখেছে? তারা হয়তো ম্যাচটাকে বেসবল বা বাস্কেটবল ম্যাচ হিসেবে ভুল করেছে।’ ইয়াহু স্পোর্টস।