ষড়যন্ত্রের শিকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবিটা কালকের। টন্টনের হোটেল থেকে বেরোনোর মুখে সালমান বাট, মোহাম্মদ আমির আর মোহাম্মদ আসিফ হলেন ক্যামেরাবন্দী। আমিরের মুখে ঔজ্জ্বল্য ছড়ানো হাসি। হাসি বাটের মুখেও। এই দুজনের পেছনেই আসিফ, দার্শনিকসুলভ নির্লিপ্ততা।দেখে বোঝার উপায় নেই, কী ভয়ংকর ঝড়টাই না বয়ে যাচ্ছে এই তিনজনের ওপর দিয়ে। কাল টন্টন থেকে এই তিন ক্রিকেটার আবার লন্ডনে ফিরেছেন স্কটল্যান্ড ইয়ার্ডের আরেক দফা জেরার মুখোমুখি হতে। আসিফের জন্য পুলিশ-জেরা এসব নতুন কিছু নয়। প্রায় সাত বছর ধরে পাকিস্তান দলে খেলছেন বলে অভিজ্ঞতাটা বাটের কাছেও একদম অপরিচিত বলা যাবে না।তবে মাত্রই আন্তর্জাতিক অঙ্গনে পা রাখা, দারুণ খেলে স্তুতিস্রোতে ভাসতে ভাসতে হঠাৎই চোরাবালিতে আটকে যাওয়া আমিরের জন্য পরিস্থিতি অবশ্য কঠিন। অবশ্য এই নিষ্পাপ হাসিমুখ দেখে কল্পনা করা কঠিন, ভেতরে ভেতরে ১৮ বছরের সদ্য তারুণ্যে পা রাখা আমিরও পাপবিদ্ধ।এই তিন ক্রিকেটার অবশ্য নিজেদের নির্দোষ দাবি করেছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তাদের বলেছেন, তাঁরা তিনজনই আসলে ষড়যন্ত্রের শিকার। দাবিটা ঠিক কি না, সেটি বোঝা যাবে স্কটল্যান্ড ইয়ার্ডের তদন্ত শেষ হলে। আবারও স্কটল্যান্ড ইয়ার্ডের জেরার মুখে পড়া ছাড়াও গতকালই তাঁদের পিসিবি প্রধান ইজাজ বাট, বোর্ড আর পাকিস্তান হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বসার কথা ছিল। কিন্তু ওই বৈঠক এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে। বলাই বাহুল্য, সমারসেটের বিপক্ষে আজকের প্রস্তুতি ম্যাচে রাখা হয়নি এই তিন ক্রিকেটারকে।এই প্রস্তুতি ম্যাচ দিয়েই আজ আবার ক্রিকেটে ফিরছে পাকিস্তান। আক্ষরিক অর্থেই পুরো দলকে ক্রিকেটে ফেরার আহ্বান জানিয়েছেন অধিনায়ক শহীদ আফ্রিদি, ‘আমরা অবশ্যই মনেপ্রাণে চাই ক্রিকেটে মনোনিবেশ করতে। কাল (মঙ্গলবার) অনুশীলন দারুণ হয়েছে। কোচের সঙ্গে মিলে চেষ্টা করছি ক্রিকেটারদের মানসিকভাবে চাঙা করে তুলতে। এই পরিস্থিতিতে কাজটা কঠিন।’কঠিন কাজটাকেই সম্ভব করে তুলতে চান ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সদ্যই সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে আসা আফ্রিদি, ‘যা হওয়ার হয়ে গেছে। আমরা এখানে ভালো ক্রিকেট খেলতে এসেছি। ব্যক্তিগতভাবে এটি আমার জন্য বড় চ্যালেঞ্জ। ইংলিশ কন্ডিশনে খেলা সব সময়ই কঠিন। কঠিন সব ভুলে ক্রিকেটে মন দেওয়াও। তবে আমরা সেটাই করব।’ইংলিশ ক্রিকেটাররা আবার পাকিস্তানের এই ‘সব ভুলে যাওয়া’র তত্ত্বটা একদমই পছন্দ করছে না। যা হয়েছে তা ভুলে যাওয়ার প্রশ্নই আসে না। বরং তাদের দাবি, অভিযুক্ত ক্রিকেটারদের যেন আর এই সফরে খেলানো না হয়। ইংলিশ পেশাদার ক্রিকেটারদের সংগঠনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে সেটি জানানো হয়েছে।সব কাণ্ডের মূল হোতা যিনি, সেই মাজহার মাজিদ জামিনে মুক্ত হওয়ার এক দিন পরই আবার গ্রেপ্তার হয়েছেন বলে খবর এসেছে। এদিকে পরশু ব্রিটেনের শুল্ক বিভাগ যে দুই পুরুষ এবং একজন নারীকে গ্রেপ্তার করেছে, এঁদের মধ্যে মাজিদ আছেন বলে জানিয়েছে ব্রিটেনের একটি দৈনিক। অর্থ পাচারের অভিযোগে এবার মাজিদ, তাঁর স্ত্রী এবং এক সহকারীকে আটক করা হয়েছে বলে জানা গেছে। এএফপি, বিবিসি, রয়টার্স, ওয়েবসাইট।