ষড়যন্ত্রের শিকার নেইমার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোটাই তাহলে স্প্যানিশ প্রচারমাধ্যমের নীলনকশা? বিশ্বকাপের আগে হতোদ্যম করে দিতেই নেইমারকে ‘ডাইভারের’ তকমা দেওয়া? লুইস ফেলিপে স্কলারি তেমন কিছুই মনে করেন। ব্রাজিল কোচের দাবি, নেইমারের বিরুদ্ধে এমন অপপ্রচার পরিকল্পিত।

সান্তোস থেকে বার্সেলোনায় আসার পর থেকেই বলতে গেলে বিতর্ক পিছু নিয়েছে নেইমারের। দলবদল নিয়ে তো এলাহি কাণ্ডই হয়ে গেল। সেই বিতর্কের জেরে সরে যেতে হয়েছে বার্সা সভাপতি সান্দ্রো রোসেলকে। স্প্যানিশ আদালতে এখনো সেটির বিচার চলছে।

এটা মাঠের বাইরের ঘটনা। মাঠেও ভুল কারণে শিরোনাম হয়েছেন নেইমার। এর মধ্যেই ‘ডাইভার’ শব্দটা সেঁটে গেছে তাঁর নামের সঙ্গে। ইচ্ছে করে মাটিতে পড়ে যান, এমন অপবাদও শুনতে হচ্ছে।

 পুরো ব্যাপারটিতে অন্যরকম গন্ধ খুঁজে পাচ্ছেন স্কলারি, ‘নেইমারের ঘটনাটা একদম সরল। চোখ বন্ধ করে থাকলেই শুধু এটা স্পষ্টভাবে না দেখা সম্ভব। স্প্যানিশ প্রচারমাধ্যম প্রায়ই ওর সমালোচনা করে। সে বিশ্বকাপে নিজের সেরা ফর্মে না থাকলে ওদের স্বার্থসিদ্ধি হয়।’

বার্সার হয়ে নেইমার প্রত্যাশা মেটাতে পারছেন না বলেও অনুযোগ অনেকের। স্কলারি মনে করিয়ে দিচ্ছেন, ‘আমরা জানি সে কতটা ভালো। সে একজন তারকাই। রিয়াল মাদ্রিদ ও এসপানিওলের সঙ্গে গত দুই ম্যাচে ওই তো খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে সর্বশেষ (চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে) ম্যাচেও ও-ই ব্যবধান হয়েছিল।’

 নেইমারকে তার প্রাপ্য মর্যাদা দেওয়া উচিত বলছেন স্কলারি, ‘নেইমার খেলাটা নিয়ন্ত্রণ করতে পারে। ওকে যদি বিশ্বের সেরা খেলোয়াড় বলা হয়, সেটি ওর প্রাপ্যই। কারণ, নেইমার ততটাই ভালো খেলে।’ এএফপি।