যেমনটা অনুমান করা হয়েছিল, হয়েছে ঠিক সেটাই। ফিফা-ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করা হয়েছে কাল। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও ফ্রাঙ্ক রিবেরিই আছেন এই তালিকায়। এঁদের মধ্য থেকেই কেউ পাবেন ২০১৩ সালের ফিফা-ব্যালন ডি’অর।
ব্যালন ডি’অর নিয়ে এই বছরের মতো জল্পনা-কল্পনা আগে হয়েছে কি না সন্দেহ। গত চারবারই এটা পেয়েছেন মেসি। কিন্তু এবার যেন ‘মেসি’ ‘মেসি’ রবটা অনেকটাই স্তিমিত। চোটের কারণে গত নভেম্বর থেকেই মাঠে নামতে পারেননি বার্সা ফরোয়ার্ড। গত বছরের তুলনায় গোলের সংখ্যাও এবার অনেকটাই কমে এসেছে। সেই তুলনায় রোনালদোর নামটাই শোনা যাচ্ছে বেশি। বায়ার্নের হয়ে ত্রিমুকুটজয়ী রিবেরির পক্ষেও বাজি ধরছেন অনেকে।
বেশ কিছুদিন ধরেই এই তিনজনকে ব্যালন ডি’অর নিয়েই কথা বলতে হচ্ছে বেশি। রিবেরি অবশ্য নিজের ঢোলটা নিজেই পিটিয়েছেন, প্রকাশ্যেই বলে দিয়েছেন পুরস্কারটা তাঁরই প্রাপ্য। আর প্রশ্ন শুনতে শুনতে বিরক্ত হয়েই হয়তো রোনালদো বলে দিয়েছেন, এসব পুরস্কার-টুরস্কার নিয়ে তিনি একদমই ভাবছেন না। শেষ পর্যন্ত হাসিটা কে হাসবেন, জানার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতেই হচ্ছে। ১৩ জানুয়ারি জুরিখে জানা যাবে বিজয়ীর নাম।
কাল একই সঙ্গে ঘোষিত বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় মনোনীত তিনজনের মধ্যে বায়ার্নের ইয়ুপ হেইঙ্কেস ও ম্যানচেস্টার ইউনাইটেডের স্যার অ্যালেক্স ফার্গুসন এখন কোচিংয়েই নেই। তৃতীয়জন এ বছরের চমক বরুসিয়া ডর্টমুন্ডের ইয়ুর্গেন ক্লপ। এএফপি।