সংক্ষিপ্ত তালিকায় নেই সাকিব
দীর্ঘ তালিকায় থাকলেও আইসিসি অ্যাওয়ার্ডের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়লেন সাকিব আল হাসান। গতকাল সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে আইসিসি। দুটি ক্যাটেগরিতে জায়গা করে নিয়েছেন অ্যালিস্টার কুক, জোনাথন ট্রট, হাশিম আমলা, শেন ওয়াটসন ও জ্যাক ক্যালিস। গতবার বর্ষসেরা ক্রিকেটারের স্যার গ্যারি সোবার্স ট্রফিজয়ী শচীন টেন্ডুলকার এবারও আছেন এই তালিকায়। আগামী ১২ সেপ্টেম্বর লন্ডনে হবে অষ্টম এলজি আইসিসি অ্যাওয়ার্ড অনুষ্ঠান।গত বছরের ১১ আগস্ট থেকে এ বছরের ৩ আগস্ট পর্যন্ত সময়কে বিবেচনায় নেওয়া হয়েছে পুরস্কারের জন্য। ক্লাইভ লয়েডের নেতৃত্বে জহির আব্বাস, মাইক গ্যাটিং, ড্যানি মরিসন ও পল অ্যাডামসকে নিয়ে গঠিত কমিটি নির্বাচন করে দীর্ঘ তালিকার ক্রিকেটার। সেখান থেকে সংক্ষিপ্ত তালিকা নির্বাচন করে ২৫ সদস্যের একটি কমিটি, যেখানে ছিলেন ১১ জন সাবেক ক্রিকেটার ও ১১ জন সংবাদকর্মী। ছিলেন ম্যাচ রেফারিদের প্রতিনিধি ক্রিস ব্রড, আম্পায়ারদের প্রতিনিধি আলিম দার ও ক্রিকেট কমিটির চেয়ারম্যান ক্লাইভ লয়েড। সাবেক ক্রিকেটাররা হলেন অ্যান্ডি বিকেল, নাঈমুর রহমান, আমির সোহেল, প্যাট সিমকক্স, নাসের হুসেইন, রাসেল আরনল্ড, রবিন সিং, শেন বন্ড, গ্রান্ট ফ্লাওয়ার, ডেসমন্ড হেইন্স ও জন ডেভিসন।পুরস্কার তালিকায় এবার নতুন যোগ হয়েছে আইসিসি স্পিরিট অব ক্রিকেটে ব্যক্তিগত ক্যাটেগরি। ট্রেন্টব্রিজ টেস্টে আউট হওয়া ইয়ান বেলকে ফিরিয়ে এনে এই তালিকায় জায়গা পেয়েছেন ধোনি। গত বিশ্বকাপে দুবার সংশয়পূর্ণ ক্যাচ হওয়ার পর ফিল্ডারকে জিজ্ঞাসা করে মাঠ ছাড়ায় তালিকায় আছেন ক্যালিস। বর্ষসেরা টেস্ট দলও ঘোষণা করেছে আইসিসি। টানা তৃতীয়বারের মতো দলে আছেন টেন্ডুলকার। নেতৃত্ব দেবেন কুমার সাঙ্গাকারা। তবে বিতর্ক হচ্ছে দল নিয়ে। গত ৩ বছর টেস্টে কিপিং না করলেও সাঙ্গাকারাকে নেওয়া হয়েছে উইকেটকিপার হিসেবে। টেন্ডুলকারের (৬৪) চেয়ে বেশি গড় নিয়েও দলে জায়গা পাননি ইয়ান বেল (৮৯) ও মিসবাহ-উল-হক (৯০)। ওয়েবসাইট।