ফিফা ব্যালন ডি অ’র পুরস্কারের লড়াইয়ে বার্সেলোনার একাধিপত্য। আজ সোমবার ঘোষিত তিনজনের সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই পাওয়া প্রত্যেকেই খেলেন বার্সার হয়ে—লিওনেল মেসি, জাভি হার্নান্দেজ ও আন্দ্রে ইনিয়েস্তা।২০০৯ সালের ফিফা বর্ষসেরা ও ব্যালন ডি অ’র দুটি পুরস্কারই ঘরে তুলেছিলেন লিওনেল মেসি। গত মৌসুমে ৩৪ আর চলতি মৌসুমে এ পর্যন্ত ১৫টি গোল করায় এবার ফিফা ব্যালন ডি অ’র পুরস্কারের লড়াইয়েও ফেবারিট আর্জেন্টাইন এই স্ট্রাইকার।স্পেনের বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন জাভি ও ইনিয়েস্তা। বিশ্বকাপটা অবশ্য হতাশায় কেটেছে মেসির। তবে তিনজন মিলে বার্সাকে এনে দিয়েছেন স্প্যানিশ সেরার কৃতিত্ব।সেরা কোচের লড়াইয়ের সংক্ষিপ্ত তালিকায় আছেন স্পেনের বিশ্বকাপজয়ী কোচ ভিনসেন্ত দেল বস্ক, বার্সার ম্যানেজার পেপ গার্দিওলা ও রিয়াল মাদ্রিদের ম্যানেজার হোসে মরিনহো। আগামী ১০ জানুয়ারি সুইজারল্যান্ডের জুরিখে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। —রয়টার্স।