সংখ্যায় বিশ্বকাপ বিচিত্রা
চূড়ান্ত দল ঘোষণা হয়েছে কয়েক দিন আগেই। প্রস্তুতি ম্যাচও প্রায় শেষের দিকে। এর মধ্যে ব্রাজিলেও পৌঁছে গেছে অনেক দল। ৭৩৬ জন খেলোয়াড় পাচ্ছেন এবার দেশের হয়ে বিশ্বকাপ খেলার পরম সম্মান। কিন্তু তাঁদের মধ্যেও কত বৈচিত্র্য, একজন অন্যজনের চেয়ে কতভাবে আলাদা! সংখ্যায় সংখ্যায় সে বৈচিত্র্যের গল্প জানাল ফিফা ডট কম
২৩৬
ব্রাজিল বিশ্বকাপে ডাক পাওয়া খেলোয়াড়দের মধ্যে ২৩৬ জন আগে অন্তত একটি হলেও বিশ্বকাপ খেলেছেন । এ তালিকায় সবচেয়ে বেশি খেলোয়াড় স্পেনের। ২৩ জনের দলের ১৬ জনেরই আগে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে। অন্তত একটি হলেও বিশ্বকাপ খেলেছেন উরুগুয়ের ১৫ জন। তালিকার তৃতীয় দলটি ক্যামেরুন (১৩)।
খেলোয়াড়দের মধ্যে বিশ্বকাপ অভিষেকের দিক থেকে সবচেয়ে পুরোনো কলম্বিয়ার বিকল্প গোলরক্ষক ফারিদ মনদ্রাগন। ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপটা খেলেছেন তিনি ১৯৯৪ সালে, যুক্তরাষ্ট্রে। তবে এবার সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা নিয়ে থাকছেন ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। ১৯৯৮ সালে ফ্রান্সে অভিষিক্ত ইতালি গোলরক্ষকের এটি টানা পঞ্চম বিশ্বকাপ। যদিও ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপে কোনো ম্যাচ খেলা হয়নি বুফনের।
এবার চতুর্থ বিশ্বকাপ খেলছেন স্পেনের ইকার ক্যাসিয়াস ও জাভি, ক্যামেরুনের স্যামুয়েল ইতো, জার্মানির মিরোস্লাভ ক্লোসা, মেক্সিকোর রাফায়েল মার্কেজ আর যুক্তরাষ্ট্রের ডামার্কাস বিসলি।
২৬
বিশ্বকাপের সুযোগ পায়নি এমন দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব থাকছে তুর্কি লিগের। তুরস্কের বিভিন্ন ক্লাবের ২৬ জন ফুটবলার থাকছেন এই বিশ্বকাপে।
১০০
রাশিয়ার সব খেলোয়াড়ই খেলেন তাঁদের ঘরোয়া লিগে। ব্রাজিল বিশ্বকাপে আর কোনো দলের এই রেকর্ড নেই। খুব কাছাকাছি আছে ইংল্যান্ড, ২৩ জনের ২২ জনই খেলেন ইংলিশ লিগে। একমাত্র ব্যতিক্রম ইংল্যান্ড গোলরক্ষক ফ্রেজার ফরস্টার, খেলেন স্কটিশ ক্লাব সেল্টিকে।
অন্যদিকে ঘরোয়া লিগে খেলেন এমন ফুটবলার সবচেয়ে কম বসনিয়া, আইভরিকোস্ট, ঘানা আর উরুগুয়ে দলে। এই চার দেশেরই ২৩ জনের দলে ২২ জন খেলেন বিদেশি লিগে।
৬৮

বিশ্বকাপের সময়ই ৬৮তম জন্মদিনটা উদ্যাপন করবেন রাশিয়ার কোচ ফ্যাবিও ক্যাপেলো। এবারের বিশ্বকাপে তিনিই সবচেয়ে বয়সী কোচ। বিশ্বকাপের ইতিহাসেও ক্যাপেলো চতুর্থ বয়োজ্যেষ্ঠ কোচ। এ তালিকায় সবার ওপরের নামটা অটো রেহাগেলের। ২০১০ বিশ্বকাপে ৭১ বছর বয়সে নিয়েছিলেন গ্রিসের দায়িত্ব৷ এবার সবচেয়ে কম বয়সী কোচ ক্রোয়েশিয়ার নিকো কোভাচ, বয়স ৪২ বছর ৮ মাস। অবশ্য আইভরিকোস্টের ফরাসি কোচ সাবরি লামুসি কোভাচের চেয়ে মাত্র এক মাস বড়।
৫৮
ব্রাজিল বিশ্বকাপের সময় জন্মদিন পালন করবেন ৫৮ জন খেলোয়াড়। সবার আগে উদ্যাপনের সুযোগ পাবেন চিলির মুরিসিও ইসলা ও অস্ট্রেলিয়ার ইউজেন গ্যালকোভিচ। দুজনেরই জন্মদিন ১২ জুন, বিশ্বকাপের উদ্বোধনী দিনে। ২৩ জুন জন্মদিন পালন করবেন এই বিশ্বকাপের সবচেয়ে বয়সী খেলোয়াড় মনদ্রাগন। পরের দিনই কেক কাটবেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিও। ঘানার জন মেনসা আর মেক্সিকোর গিলের্মো ওচোয়া জন্মদিন ১৩ জুলাই, ফাইনালের দিন। তবে সে পর্যন্ত কি ঘানা–মেক্সিকো ব্রাজিলে থাকবে?
৫২
ব্রাজিল বিশ্বকাপে থাকছেন ৫২টি দেশের লিগের ফুটবলার। সবচেয়ে বেশি ইংলিশ লিগের, ৭৩৬ জনের মধ্যে ১১৪ জন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে জার্মান লিগ (৮১) ও ইতালিয়ান লিগ (৭৮)।
২৯৭
বিশ্বকাপে থাকছে ২৯৭টি ফুটবল ক্লাবের প্রতিনিধিত্ব। এখানেও দাপট ইংল্যান্ডের। বিভিন্ন পর্যায়ের ২৮টি ইংলিশ ক্লাবের খেলোয়াড় আছেন। এখানেও ইংল্যান্ডের পরের অবস্থানটা জার্মানির। ২১টি জার্মান ক্লাবের ফুটবলার থাকবেন ব্রাজিল বিশ্বকাপে। তবে একক ক্লাব হিসেবে এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি খেলোয়াড় জোগান দিয়েছে বায়ার্ন মিউনিখ—১৫ জন। ম্যানচেস্টার ইউনাইটেডের ১৪ জন।