সংখ্যায় ২০১৩ সালের বিশ্ব ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক স্মৃতি রেখে বিদায় নিয়েছে ২০১৩। সেই স্মৃতি হাতড়েই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ওয়েবসাইট ফিফা ডট কম তুলে এনেছে চমকপ্রদ কিছু সংখ্যা...

অ্যালেক্স ফার্গুসন
অ্যালেক্স ফার্গুসন

৯৬৮০ দিন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্ব পালনের পর ৮ মে স্যার অ্যালেক্স ফার্গুসনের মনে হলো, এবারই শেষ। ওয়েস্ট ব্রমের বিপক্ষে লিগের শেষ ম্যাচটাতেই শেষবারের মতো ডাগ-আউটে দেখা গেল স্যার অ্যালেক্সকে। ২৭ বছরে ১৫০০ ম্যাচ, সর্বশেষ প্রিমিয়ার লিগসহ ৩৮ শিরোপা জিতে শেষ করলেন স্কটিশ ভদ্রলোক।

১০০০ ম্যাচের মাইলফলকটা গত মার্চেই পেরিয়েছেন চিরসবুজ রায়ান গিগস। চল্লিশ পেরোলেও যেন দুই পায়ে একটুও মরচে ধরেনি ইউনাইটেড তারকার।

৩৫০ আন্তর্জাতিক গোল! খেলাটা ফুটসাল হলেও ফ্যালকাওয়ের কীর্তিটা মোটেও উপেক্ষার নয়। ফুটসালে ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি গোল সাও পাওলোর সাবেক ফুটবলারের।

অ্যাবি ওয়ামবাখ
অ্যাবি ওয়ামবাখ

১৫৮ গোল। যুক্তরাষ্ট্রের মিয়া হ্যামের গড়া মেয়েদের আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটা ভেঙে গেল ২০১৩ সালেই। হ্যামের উত্তরসূরি অ্যাবি ওয়ামবাখ গত জুনেই ছাড়িয়েছেন তাঁকে। বছর শেষে ১৬৩ গোল ওয়ামবাখের নামের পাশে।

মিরোস্লাভ ক্লোসা
মিরোস্লাভ ক্লোসা

৬৮ আন্তর্জাতিক গোল। বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রিয়ার বিপক্ষে এক গোল করে জার্ড মুলারের জার্মান রেকর্ড ছুঁয়েছেন মিরোস্লাভ ক্লোসা।
৬৪ ম্যাচ পর থামল লা লিগায় বার্সার গোলরথ। অক্টোবরে ওসাসুনার সঙ্গে গোলশূন্য ড্র, ২০১২ সালের জানুয়ারির পরই প্রথম কোনো লিগ ম্যাচে গোল পেল না বার্সেলোনা।

ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

৪৭ গোল করে পলেতার পর্তুগিজ রেকর্ড ছুঁয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফের দ্বিতীয় লেগে সুইডেনের বিপক্ষে হ্যাটট্রিক করেই রেকর্ড ছুঁয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা।
৪৩ টি লাল কার্ড! লাল কার্ড দেখার বিশ্ব রেকর্ডটা জেরার্দো বেদোয়ার। ইন্ডিপেন্ডিয়েন্তে সান্তা ফের এই কলম্বিয়ান ডিফেন্ডার কলম্বিয়া, আর্জেন্টিনা, মেক্সিকোর ঘরোয়া ফুটবলে এবং কলম্বিয়ার জাতীয় দলের হয়ে পেয়েছেন এতগুলো লাল কার্ড।
৪১ গোল করেই ডাচ জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন রবিন ফন পার্সি। গত অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে হাঙ্গেরিকে ৮-১ গোল উড়িয়ে দেওয়া ম্যাচে হ্যাটট্রিক করেই প্যাট্রিক ক্লাইভার্টের ৪০ গোলের রেকর্ড ভেঙেছেন ইউনাইটেড তারকা।
২৯ ম্যাচ টানা অপরাজিত। ফ্রান্সের ২৭ ম্যাচের বিশ্বরেকর্ডটা কনফেডারেশনস কাপেই ভেঙেছিল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ফাইনালে ব্রাজিলের কাছে হেরে ২৯ ম্যাচে থেমেছে তাদের অজেয় ধারা।
২৬ গোল, নতুন রেকর্ড করেই অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জিতল নাইজেরিয়া। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি গোলের আগের রেকর্ডটি ছিল জার্মানির, ২০১১ সালে।

সার্জিও রামোস
সার্জিও রামোস

২৬ বছর ৩৫৮ দিন বয়সেই শততম আন্তর্জাতিক ম্যাচ। স্পেনের ডিফেন্ডার সার্জিও রামোসই সবচেয়ে কম বয়সে ১০০ ম্যাচ খেলা ইউরোপিয়ান ফুটবলার। আগের রেকর্ডের মালিক জার্মান ফরোয়ার্ড লুকাস পোডলস্কি শততম ম্যাচ খেলেছিলেন রামোসের চেয়ে ২১ দিন বেশি বয়সে। বিশ্ব রেকর্ডটা দক্ষিণ কোরিয়ার চা বুম-কুনের (২৪ বছর ১৩৯ দিন)।

৮ম বারের মতো আফ্রিকান চ্যাম্পিয়নস লিগ জিতল মিসরীয় ক্লাব আল আহলি। আরেক মিসরীয় ক্লাব জামালেক পাঁচবার জিতে দুইয়ে।

৬ আসর ধরে মেয়েদের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন দল জার্মানি। এবার নিয়ে আটবার মহাদেশীয় শিরোপা জিতল জার্মান মেয়েরা।

লিওনেল মেসি
লিওনেল মেসি

৫টি বড় শিরোপা, মাত্র তিনটি হার; ২০১৩ সালে জার্মানির সফলতম ক্লাব বায়ার্ন মিউনিখ বছরজুড়ে ৫৬ ম্যাচ খেলে জিতেছে ৪৯টিতেই।

৪ বার ফিফা-ব্যালন ডি’অর জয়, সব কটাই একটানা। ২০১৩ সালের শুরুতেই বছরের সেরা খেলোয়াড়ের পুরস্কারটা ওঠে লিওনেল মেসির হাতে। সংখাটি কি এবার পাঁচ হবে?