সংঘর্ষে জড়ালেন ম্যারাডোনা (ভিডিও)
একদিকে আল-সাহাবের কাছে নিজ দলের ২-০ গোলে হার, এর ওপর প্রতিপক্ষ সমর্থকেরা উত্ত্যক্ত করছিলেন প্রেমিকা ভেরোনিকাকে। সব মিলিয়ে নিজেকে আর সামলাতে পারেননি ডিয়েগো ম্যারাডোনা। ক্ষুব্ধ আল-ওয়াসল কোচ জড়িয়ে পড়লেন সংঘর্ষে।ঘটনাটা গতকাল বৃহস্পতিবার রাতে দুবাইয়ে। ম্যারাডোনার সংঘর্ষে জড়িয়ে পড়ার ভিডিও আজ প্রকাশ করেছে ইউটিউব।স্থানীয় গণমাধ্যমের খবরে বলার হয়, আল-সাহাবের জয়ের নায়ক ব্রাজিলীয় স্ট্রাইকার চায়েলকে ম্যারাডোনার ক্লাব আল-ওয়াসল সমর্থকেরা উত্ত্যক্ত করলে করলে ঘটনার সূত্রপাত। উত্তেজনার একপর্যায়ে ম্যারাডোনার প্রেমিকাকে উত্ত্যক্ত করেন প্রতিপক্ষ সমর্থকেরা। প্রেমিকাকে রক্ষায় সংঘর্ষে জড়ান ম্যারাডোনা। খবরে বলা হয়, এ সময় ম্যারাডোনা ও আল-ওয়াসল ফুটবলারদের স্ত্রী-প্রেমিকাদের গালমন্দ করেন আল-সাহাবের সমর্থকেরা। ধাক্কাধাক্কির মধ্যে এক ফুটবলারের প্রেমিকা সিঁড়িতে পড়ে যান। তবে কেউ গুরুতর আহত হননি। নিরাপত্তারক্ষীরা দ্রুত পরিস্থিতির নিয়ন্ত্রণে আনেন।এ ঘটনায় আল-সাহাব সমর্থকদের ‘কাপুরুষ’ আখ্যায়িত করে ম্যারাডোনা বলেন, ‘কিছু লোক কাপুরুষ। ওরা শুধু নারীদের ওপর আক্রমণ করতে পারে। পুরুষের মুখোমুখি হওয়ার সাহস ওদের নেই।’ম্যারাডোনা বলেন, ‘এই প্রথম সমর্থকদের আচরণে আমি মর্মাহত হয়েছি। ওরা কাপুরুষ, সত্যিকারের সমর্থক নয়।’