সংবর্ধনা, ভেন্যু ও বিপিএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েস্ট ইন্ডিজ জয় করে আসা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে কাল মিরপুরের একাডেমি ভবনে  দেওয়া হলো সংবর্ধনা প্রথম আলো
ওয়েস্ট ইন্ডিজ জয় করে আসা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে কাল মিরপুরের একাডেমি ভবনে দেওয়া হলো সংবর্ধনা প্রথম আলো

মন্ত্রী-সাংসদদের আগমন উপলক্ষে স্কুলের ছেলেমেয়েদের ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড় করিয়ে রাখার সংস্কৃতি বাংলাদেশে পুরোনো। বিসিবি প্রধান নাজমুল হাসান তো শেষ পর্যন্ত একজন রাজনীতিকই। তিনি কেন সংস্কৃতির বাইরে যাবেন? গায়ানা থেকে পোর্ট অব স্পেন-গ্রেনাডা-বারবাডোজ-লন্ডন-দুবাই-ঢাকা, ৫১ ঘণ্টা ভ্রমণ করে কাল সকাল আটটায় বাংলাদেশে পা রেখেছে অনূর্ধ্ব-১৯ দল। বিমানবন্দর থেকেই সরাসরি চলে আসতে হয়েছে মিরপুরের একাডেমি ভবনে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জয়ের জন্য বিসিবি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে। কিন্তু বোর্ডপ্রধানের বিলম্বে ১২টার অনুষ্ঠান শুরু হলো ১টায়। ক্লান্ত-শ্রান্ত শরীরে ক্রিকেটাররা গুনলেন অপেক্ষার প্রহর।
ওয়েস্ট ইন্ডিজকে ৪-৩-এ ওয়ানডে সিরিজ হারিয়ে আসা ছেলেদের ফুলেল শুভেচ্ছায় অভিনন্দিত হলেন। বড়সড় একটা কেক কাটা হলো। বোর্ডকে ধন্যবাদ জানালেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদি হাসান। তবে খানিকটা বিস্ময় জাগাল তাঁর এই দাবি, ‘সবার হয়ে আমার একটা অনুরোধ আছে বোর্ডের কাছে, আমাদের যদি ম্যাচ ফির ব্যবস্থা করা যায়!’ অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ম্যাচ ফির কথা কেউ কোনো দিন শুনেছে কি না সন্দেহ আছে। বিসিবির গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান গাজী আশরাফ হোসেনও অসন্তোষ জানালেন অধিনায়কের দাবি জেনে।
বিসিবি প্রধান অবশ্য বিবেচনার আশ্বাস দিলেন। তবে তাৎক্ষণিকভাবে ঘোষণা করলেন ১০ লাখ টাকা অর্থ পুরস্কারের। সংবর্ধনা ও পুরস্কার তরুণদের ভবিষ্যতের জন্য প্রেরণা হতে পারে। দেশের বাইরে সিরিজ জিতে আসা দলও অভিনন্দন পেতেই পারে। কিন্তু আয়োজনের বাগাড়ম্বরে তার পরও কিছু প্রশ্ন উঠছে। দলটা তো বিশ্বকাপ জিতে আসেনি! বয়সভিত্তিক পর্যায়ে সিরিজ জয় সব সময়ই কাম্য। জাতীয় দলের পারফরম্যান্সে আছে এগিয়ে যাওয়ার ছাপ। পরিণতিবোধের ছাপ থাকা উচিত এখন দেশের ক্রিকেট সংস্কৃতিতেও।

উপলক্ষটা অনূর্ধ্ব-১৯ দলের সংবর্ধনা হলেও বোর্ডপ্রধান কথা বললেন সময়ের আলোচিত আরও কয়েকটি বিষয়ে। সিলেট স্টেডিয়াম প্রস্তুত করতে বাংলাদেশকে ৩০ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে আইসিসি। নাজমুল হাসানের আশা, ২০ নভেম্বরের মধ্যেই স্টেডিয়াম বুঝিয়ে দেওয়া যাবে। কক্সবাজার স্টেডিয়ামের নির্মাণ সময়মতো শেষ হবে বলে আশাবাদী নাজমুল। কক্সবাজার সময়মতো প্রস্তুত না হলে মেয়েদের টুর্নামেন্ট অন্য কোনো দেশে চলে যাওয়ার শঙ্কাও আছে, ‘আমরা যদি ভেন্যুর কাজ শেষ করতে না পারি বিকল্প কোথাও চলে যাবে, এটাই যৌক্তিক। সে ক্ষেত্রে গেলে মেয়েদের টুর্নামেন্ট যেতে পারে। অন্য কোনো খেলা যাওয়ার সম্ভাবনা নেই। তবে আমি সবাইকে আশ্বস্ত করতে পারি, কোনো খেলাই যাবে না। সময়মতোই আমরা সবকিছু সম্পন্ন করতে পারব।’

বিপিএলের তৃতীয় আসর হবে কি না, সেই শঙ্কাটা নিজেই জানালেন বিসিবি প্রধান, ‘বিপিএল নিয়ে ঝামেলা হলো শিগগিরই ট্রাইব্যুনাল কাজ শুরু করবে। এটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। আমরা চাচ্ছি, বিশ্বকাপের আগেই বিপিএল করতে, যাতে ম্যাচ অনুশীলনটা হয়। তবে সব সমস্যার সমাধান করতে পারলেই বিপিএলে হবে। আর বিপিএল করা সম্ভব না হলে টি-টোয়েন্টি অনুশীলনের জন্য বিকল্প কোনো টুর্নামেন্ট আয়োজন করা হবে।’