জোহানেসবার্গবিশ্বকাপ ফুটবল যদি হয় চার বছরের জন্য ধরণির শ্রেষ্ঠ ফুটবল দলকে বেছে নেওয়ার প্রতিযোগিতা, তাহলে এর মধ্যে নানা রকম শ্রেষ্ঠত্ব প্রদর্শনেরও আয়োজন থাকে। সংবাদ সম্মেলনে কে কত সুন্দরভাবে প্রশ্ন করতে পারেন, সেটা নিয়ে যেন একটা অলিখিত লড়াই চলে শিরোপার দাবিদার বড় দলগুলোর সাংবাদিকদের মধ্যে।ডিয়েগো ম্যারাডোনা তাঁর উপস্থিতি দিয়ে, ক্যারিশমা দিয়ে আর্জেন্টিনাকে যতই ওপরে তুলে ধরুন, সে দেশের সাংবাদিকেরা ততটাই বিরক্তিকর। স্প্যানিশ ভাষায় তাঁরা প্রশ্ন করেন এত ঘুরিয়ে-পেঁচিয়ে আর সাত কাণ্ড রামায়ণ পড়ে যে, অন্যদের কপালে ভাঁজ পড়ে, কানে জ্বালা ধরে যায়। সেদিন প্রিটোরিয়ার হাইপারফরম্যান্স সেন্টারের সংবাদ সম্মেলনে কয়েকজনের ওই ঘোরালো-পেঁচালো প্রশ্নের পর মিডিয়া কর্মকর্তা একজনকে বলতে বাধ্য হলেন, ‘সরাসরি প্রশ্ন করুন।’সবচেয়ে ভালো প্রশ্ন করেন ইংলিশ সাংবাদিকেরা। একদম প্রাসঙ্গিক, সরাসরি। কোনো ভণিতা নেই। এই প্রতিযোগিতায় তাঁরা চ্যাম্পিয়ন। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের সঙ্গে ড্র, দ্বিতীয় ম্যাচে আলজেরিয়ার মতো দলের গোলমুখ খুলতে না পারা—৪৪ বছর পর সত্যিকারের শিরোপার দাবি নিয়ে আসা ইংল্যান্ডের বিশ্বকাপ প্রথম রাউন্ডেই শেষ হয়ে যেতে পারে। অনেক সমর্থক ব্যানার হাতে নিয়ে স্টেডিয়ামে ঢুকছে, যাতে লেখা, ‘অ্যারাইজ স্যার ওয়েইন’—জেগে উঠুন স্যার ওয়েইন। কিন্তু ওয়েইন রুনি জাগছেন না, ইংল্যান্ডেরও ঘুম ভাঙছে না। এমন শেষ পর্যন্ত হতেই পারে যে, ইংল্যান্ডের সাংবাদিকেরাই একটি জায়গায় চ্যাম্পিয়ন হয়ে একটু অতৃপ্তি ঘোচালেন।সংবাদ সম্মেলনে ম্যারাডোনা আর্জেন্টাইন সাংবাদিকের পুরো উল্টো। এ কথা আগেই একবার লেখা হয়েছে। আবারও বলি, গম্ভীর কণ্ঠে উত্তর দিচ্ছেন সরাসরি, কখনো পাল্টা প্রশ্ন করে সাংবাদিককেই বিভ্রান্ত করে দিচ্ছেন। হাসছেন, কপাল কোঁচকাচ্ছেন, আপেল খাচ্ছেন। ম্যারাডোনার সংবাদ সম্মেলন কভার করা দারুণ একটা বিনোদনেরও উৎস। সেদিন দক্ষিণ কোরিয়ার সঙ্গে ম্যাচ জেতার পর সংবাদ সম্মেলনে দুটো প্রশ্নের উত্তর দিয়েই একটা কাগজ বের করলেন পকেট থেকে। কিসের কাগজ? না, কোনো পরোয়ানা নয়। মিশেল প্লাতিনি তাঁর কাছে দুঃখ প্রকাশ করে যা লিখেছেন, সেটাই পড়ে শোনালেন। প্লাতিনি বলেছেন, ম্যারাডোনা সম্পর্কে তাঁর বয়ানে যা খবরে বেরিয়েছে, আদৌ তিনি তা বলেননি। আর্জেন্টাইন ফুটবল-ঈশ্বর দ্রবীভূত, ‘প্লাতিনি ভদ্রলোক, তাঁর সঙ্গে আমার কোনো বিরোধ নেই। আমি তাঁকে ক্ষমা করে দিয়েছি। তবে একটা লোক আছে, যাকে কখনোই ক্ষমা করা যাবে না।’ এই লোকটা কে তা বুঝতে নিশ্চয়ই বাকি নেই আপনাদের, ইনি পেলে—ব্রাজিলের ফুটবল কিংবদন্তি। পেলের সঙ্গে ম্যারাডোনার সাপে-নেউলে সম্পর্কটা মনে হয় আর গেল না!সংবাদ সম্মেলনে প্রায় সব কোচই দেশি ভাষায় কথা বলেন। দু-একটা প্রশ্নের অনুবাদ করে দেওয়া হয়। এদিক দিয়ে ইংরেজভাষীদের একটু সুবিধা হতো। আমাদের কাছে অন্তত পর্তুগিজ, স্প্যানিশ, ডাচ, ফ্রেঞ্চকে দুর্বোধ্য মনে হতো না। কিন্তু ইংরেজিতে প্রশ্নোত্তর শুনবেন, সেই উপায় তো নেই। খোদ ইংল্যান্ড দলের কোচই তো একজন ইতালিয়ান, যিনি অনেক কষ্টে ইংরেজিটা শিখেছেন। তবে ফ্যাবিও ক্যাপেলোর উচ্চারণ শুনে প্রথমত মনে হবে, আপনি ইতালিয়ান শুনছেন। সবচেয়ে ভালো ইংরেজি বলেন নাইজেরিয়ার কোচ লার্স ল্যাজারব্যাক। যথেষ্ট স্মার্ট ভঙ্গি। কিন্তু তাতে আর কী হবে? তাঁর যে সব সময় আত্মপক্ষ সমর্থনের মালমসলা জোগাড় করতেই সময় ফুরিয়ে যাচ্ছে। দুটো ম্যাচেই হেরে বিদায়ের রাগিণী শুনছে নাইজেরিয়া। লেজারব্যাক তবু বলে যাচ্ছেন, ‘সুপার ইগলদের ওড়ার আকাশ এখনো আছে।’ফ্রেঞ্চ কোচ রেমন্ড ডমেনেখকে দেখে মনে হয় লোকটি চিরদুঃখী। তবে ফরাসি সাংবাদিকদের মাধ্যমে জানা গেল, লোকটি নাকি কঠিন প্রকৃতির। যা বলেছেন, যে সিদ্ধান্ত নিয়েছেন, তা থেকে একচুলও নড়বেন না। সংবাদ সম্মেলনে এলেই কেমন যেন ভাবালুতা পেয়ে বসে তাঁকে। শখের জ্যোতিষি, মনে হয় ওপরের দিকে তাকিয়ে গ্রহ-নক্ষত্র বিচার করছেন।ব্রাজিলের কোচ দুঙ্গা সংবাদ সম্মেলনে আসেন একটা বিরক্ত ভাব নিয়ে। সাংবাদিকদের ওপর তাঁর যেন রাজ্যের বিরক্তি। খাড়া খাড়া চুল, প্রথম দৃষ্টিতে দেখে মনে হবে খুবই রাশভারি, রাগী। কথায় অবশ্য তা নয়, বেশ আস্তে আস্তে কথা বলেন। অনেকটা লাজুক ধরনের।এতে অবশ্য দুঙ্গার কিছুই এসে যায় না। তিনি তো আর সংবাদ সম্মেলনে পারফরম্যান্স দেখাতে আসেননি। এসেছেন ‘হেক্সা’ জিততে। সেই লক্ষ্য পূরণ করতে পারলে দুনিয়ার সবচেয়ে কাঙ্ক্ষিত কোচ হয়ে উঠবেন।