সংবাদ সম্মেলনেই দাড়ি কামালেন স্কলারি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুইস ফিলিপ স্কলারি
লুইস ফিলিপ স্কলারি

ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময়ই কাটাতে হচ্ছে লুইস ফিলিপ স্কলারিকে। আগামী বছর নিজ দেশে অনুষ্ঠেয় বিশ্বকাপটা জেতার আপ্রাণ চেষ্টাই তো করবেন বিল ফিল। কিন্তু তাই বলে কি নাওয়া-খাওয়ার সময়ও পাচ্ছেন না ২০০২ সালের বিশ্বকাপজয়ী এই কোচ? নইলে সংবাদ সম্মেলনে এসে দাড়ি কামাতে বসবেন কেন?

১৯৮২ সালে কোচিং ক্যারিয়ার শুরুর পর অসংখ্যবার সংবাদ সম্মেলনে আসতে হয়েছে স্কলারিকে। তবে সম্প্রতি ব্রাজিলিয়ান কোচকে দেখা গেছে নতুনরূপে। অবাক করার মতো ব্যাপার হলেও সত্যি, ঘরভর্তি সাংবাদিকের সামনে দাড়ি কামিয়েছেন স্কলারি। তবে বিষয়টা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে সময় না পাওয়ার জন্য ঘটেনি। সাও পাওলোর মোরুম্বি স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্কলারি কাজটা করেছেন জিলেটের শুভেচ্ছাদূত হিসেবে।

ফুটবল মাঠে নিত্যনতুন পরিকল্পনার মাধ্যমে কীভাবে প্রতিপক্ষকে ঘায়েল করেন, সেটা তো কম-বেশি সবারই জানা। স্কলারি কীভাবে সব সময় নিজেকে পরিপাটি করে রাখেন, সেটাও সম্প্রতি জানা গেল বিচিত্র এই সংবাদ সম্মেলনের মাধ্যমে।

অবশ্য ভরা মজলিসে একগাদা সাংবাদিকের সামনে ক্ষৌরকর্মের মতো ব্যক্তিগত কাজটা এভাবে সারা ক্রীড়া বিশ্বে নতুন নয়। এর আগে ফেদেরার-উডসের মতো তারকারাও সংবাদ সম্মেলনে পাশাপাশি বসে ‘শেভ’ করেছিলেন!