সংযম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনিংসে দুটি ছয় প্রথম এল ২৭৬তম ইনিংসে—রাহুল দ্রাবিড় বলেই তথ্যটি বিস্ময় জাগাচ্ছে না। সংযমী ব্যাটিয়ের অপর নামই তো দ্রাবিড়! টেস্টে দ্রাবিড়ের চেয়ে বেশি ইনিংস খেলেছেন শুধুই শচীন টেন্ডুলকার, ইনিংসে একাধিক ছক্কা তিনি অনেকবারই মেরেছেন। দুই ছক্কা মারতে সবচেয়ে বেশি ইনিংস খেলার রেকর্ডটি স্বাভাবিকভাবেই তাই দ্রাবিড়ের। এর আগে রেকর্ডটি ছিল স্টিভ ওয়াহর। টেস্ট ক্যারিয়ারে একবারই ইনিংসে দুটি ছয় মেরেছিলেন সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক, সেটি ২৩৭তম ইনিংসে। ২১২ ইনিংস খেলেও ইনিংসে কখনো একটির বেশি ছয় মারতে পারেননি মাইক আথারটন। সাবেক ইংল্যান্ড অধিনায়কের ব্যাটিংয়ের সঙ্গে অবশ্য এটি একদমই বেমানান নয়। তবে এর পরের তথ্যটা জেনে একটু বিস্মিতই হবেন—২১৫ ইনিংস খেলে এখনো এক ইনিংসে দুটি ছয় মারতে পারেনি ভিভিএস লক্ষ্মণ!