সংশয় ঘোচাতে ঘোষণা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমার
নেইমার

কলম্বিয়ার সঙ্গে কোয়ার্টার ফাইনালে নেইমারের খেলা নিয়ে সংশয় নেই—এমন আহামরি কোনো তথ্য নয়। কিন্তু এ মুহূর্তে ব্রাজিলিয়ানদের কাছে এর চেয়ে আনন্দের, এর চেয়ে স্বস্তির সংবাদ আর হতে পারত কী!
তিনি দলের প্রাণভোমরা। তাঁকে কেন্দ্র করেই আবর্তিত হয় দলের খেলা। লুইস ফেলিপে স্কলারির এই ব্রাজিল কতটা নেইমারের ওপর নির্ভরশীল সেটা আরও বেশি করে প্রমাণিত হয়েছে চিলির সঙ্গে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে। শুরুর দিকেই প্রতিপক্ষ খেলোয়াড়দের ট্যাকলের শিকার হয়ে নেইমার ছিলেন নিজের ছায়া। ব্রাজিলকেও ব্রাজিল মনে হয়নি! কোয়ার্টার ফাইনালের আগে নেইমারের চোট শঙ্কা স্বাভাবিকভাবেই ব্রাজিলিয়ানদের ফেলে দিয়েছিল অস্থিরতার মধ্যে। তবে সেই শঙ্কা দূর করে দিয়েছে ব্রাজিলের ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সিবিএফের মুখপাত্র রদ্রিগো পাইভা বলেছেন, নেইমার কয়েকটা দিন হয়তো সেভাবে অনুশীলন করতে পারবে না, তবে ম্যাচ খেলতে সমস্যা হবে না।
চিলির সঙ্গে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে দু-দুবার প্রতিপক্ষের কড়া ট্যাকলের শিকার হন নেইমার। ম্যাচের চার মিনিটের সময়ই চিলি ডিফেন্ডার চার্লস আরানগুইজের চ্যালেঞ্জে ঊরুতে প্রচণ্ড ব্যথা পান। ব্যথা নিয়েও পুরো ম্যাচ খেলে গেছেন। তবে ম্যাচ শেষে জানা যায়, তাঁর ঊরু ফুলে গেছে। এবং এটাই কোয়ার্টার ফাইনালে তাঁর খেলাটাকে ফেলে দেয় সংশয়ের মধ্যে। ব্রাজিল কোচ স্কলারি নিজেই সংশয়ে পড়েছিলেন, ‘তার চোটের মাত্রাটা আমাদের মূল্যায়ন করতে হবে। তবে সে যাতে পরের ম্যাচটা খেলতে পারে, সেই চেষ্টাটা চালিয়ে যেতে আমরা তিন, চার বা পাঁচ দিন সময় পাব।’ নেইমার গো ধরে বসে আছেন, ব্যথা নিয়েই খেলে যাবেন। তেেরসোপোলিসে দলের অনুশীলন ক্যাম্পে রদ্রিগো সাংবাদিকদের বলেছেন, ‘ডান হাঁটু ও বাঁ হ্যামস্ট্রিংয়ে প্রচণ্ড আঘাত পেয়েছিল সে। চিকিৎসা চলছে। হয়তো সে কয়েকটা অনুশীলন সেশনে অংশ নিতে পারবে না। তবে হোসে লুইস রুনকো (দলের চিকিৎসক) বলেছেন, সমর্থকদের উদ্বেগের কিছু নেই। তাঁর ম্যাচ খেলতে কোনো ঝুঁকি নেই।’
আগামী শুক্রবার ফোর্তালেজায় কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। তার আগে রদ্রিগোর এই কথাই স্কলারিকে স্বস্তি দেওয়ার জন্য যথেষ্ট। ব্রাজিল কোচ আশ্বস্ত হতে পারছেন নেইমারের কথায়ও। ব্রাজিলিয়ানদের স্বপ্নসারথি আরও একবার জানিয়ে দিলেন, সোনার বল, কিংবা সোনার জুতো নয়, তাঁর চাওয়া একটাই—বিশ্বকাপ শিরোপা। এখন পর্যন্ত নেইমার টুর্নামেন্টের অন্যতম সেরা খেলোয়াড়। চার গোল করে সোনার জুতো পাওয়ার দৌড়েও আছেন ভালোভাবেই। কিন্তু ২২ বছর বয়সী তরুণ বলছেন এসব ব্যক্তিগত পুরস্কারের প্রতি কোনো মোহ নেই তাঁর, ‘আমি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হতে চাই না, সর্বোচ্চ গোলদাতাও হতে চাই না। আমার একটাই চাওয়া, বিশ্বকাপ জেতা। এই স্বপ্ন দেখেই বড় হয়েছি আমি। এটা কীভাবে আসবে, সেটা কোনো ব্যাপার নয়। আমি শুধু বিশ্বকাপ জিততে চাই।’
স্বপ্ন পূরণ করতে হলে তাঁর করণীয়টা কী সেটাও বলে দিয়েছেন নেইমার, ‘আমি শুধু খেলে যেতে চাই এবং আমার সতীর্থ ও দলকে সাহায্য করতে চাই। আশা করি, শিরোপা জয়ের মধ্যেই আমাদের স্বপ্নটা শেষ হবে।’ চিলির সঙ্গে বড় একটা ফাঁড়া গেছে ব্রাজিলের। টাইব্রেকারে জয়ের পর কোচের বুকে মাথা গুঁজে কেঁদেই ফেলেছিলেন নেইমার। বার্সেলোনা তারকাও স্বীকার করেছেন, ‘সত্যিই চিলির ম্যাচে আমাদের সংগ্রাম করতে হয়েছে। এটা ছিল সত্যিই খুব আবেগের। ম্যাচ শেষে কান্নাটা ছিল সুখের।’ তবে এটাও বলেছেন, ‘আমি শান্তই ছিলাম। ভয় পাইনি। ভয়টা রূপ নিয়েছিল জয়ের তাড়নায়।’ এএফপি ও গোল ডটকম।