সংশয় ডি মারিয়াকে নিয়েও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উরুতে চোট পেয়ে ৩৩ মিনিটের মাথায় মাঠ ছাড়তে হয়েছে অ্যাঙ্গেল ডি মারিয়াকে। ছবি: রয়টার্স
উরুতে চোট পেয়ে ৩৩ মিনিটের মাথায় মাঠ ছাড়তে হয়েছে অ্যাঙ্গেল ডি মারিয়াকে। ছবি: রয়টার্স

ব্রাজিলের পর এবার ইনজুরি আশঙ্কা হানা দিয়েছে আর্জেন্টিনা শিবিরেও। সংশয় দেখা দিয়েছে আক্রমণভাগের অন্যতম প্রধান ভরসা অ্যাঙ্গেল ডি মারিয়াকে নিয়ে। হাঁটুর ইনজুরির কারণে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো হয়তো আর না-ও খেলতে পারেন আর্জেন্টিনার এই তারকা মিডফিল্ডার।

আজ বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাত্র ৩৩ মিনিটের মাথায় মাঠ ছাড়তে হয়েছে ডি মারিয়াকে। পরে হাঁটুতে বরফ জড়িয়ে ডাগআউটে বসে ছিলেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। তাঁর ইনজুরি সম্পর্কে অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে অনেকেই আশঙ্কা করছেন যে, বিশ্বকাপের বাকি ম্যাচগুলো আর খেলতে পারবেন না ডি মারিয়া।

সত্যিই ইনজুরিটা কতখানি গুরুতর, সেটা জানা যাবে পরীক্ষা-নিরীক্ষার পর। আর্জেন্টিনার কোচ আলেসান্দ্রো সাবেলা ম্যাচ শেষে সাংবাদিকদের বলেছেন, ‘অ্যাঙ্গেলের ডান পায়ের ঊরুতে সমস্যা দেখা দিয়েছে। সে আগামীকালই (আজ) চিকিত্সকের কাছে যাবে।’

অধিনায়ক লিওনেল মেসিই হয়তো আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের লড়াইয়ে প্রধান স্বপ্ন-সারথি। কিন্তু তাঁর পাশাপাশি ডি মারিয়াও পালন করছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। দ্বিতীয় রাউন্ডে সুইজারল্যান্ডের বিপক্ষে ডি মারিয়াই করেছেন আর্জেন্টিনার জয়সূচক গোলটি। তাঁর অনুপস্থিতি নিশ্চিতভাবেই চিন্তার কারণ হবে আর্জেন্টিনার সমর্থকদের জন্য।

গতকাল কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে নেইমারও পড়েছিলেন ইনজুরির কবলে। বিশ্বকাপের বাকি ম্যাচগুলো নেইমারকে ছাড়াই খেলতে হবে ব্রাজিলকে। এবার আর্জেন্টিনার ভাগ্যেও তেমন কিছু আছে কি না, সেটাই দেখার বিষয়।