সংশয়াচ্ছন্ন ব্রাজিলের বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করতে হিমশিম খাচ্ছে ব্রাজিল। স্টেডিয়াম ও অন্যান্য অবকাঠামোগত কাজের ধীরগতির জন্য ফিফার সঙ্গে চলছে দেশটির ঠান্ডাযুদ্ধ। বিশ্বকাপ আয়োজনে ব্রাজিলের প্রস্তুতি নিয়ে একেবারেই সন্তুষ্ট নয় ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। বিশ্বকাপের পাশাপাশি ২০১৬ সালে পরবর্তী অলিম্পিকেরও আয়োজক ব্রাজিল। রাজধানী রিও ডি জেনিরোতে অনুষ্ঠেয় পরবর্তী অলিম্পিকের প্রস্তুতিও বিশ্বকাপের মতোই হ-য-ব-র-ল। সব মিলিয়ে বিশ্বের সবচেয়ে বড় দুটি ক্রীড়া আসর ব্রাজিল ঠিকমতো আয়োজন করতে পারবে কি না, তা নিয়ে রয়েছে ঘোরতর সংশয়।ব্রাজিলীয় কর্তারা অবশ্য এই দুই বিশ্ব ক্রীড়া আসরের প্রস্তুতি সময়মতো শেষ করার ব্যাপারে আশাবাদী। বিশ্বকাপ ও অলিম্পিক সামনে রেখে যোগাযোগ ও অন্যান্য অবকাঠামোর উন্নয়নে ব্রাজিলের ব্যয় হচ্ছে প্রায় ৫০০ বিলিয়ন মার্কিন ডলার। লাতিন আমেরিকার উন্নয়নশীল দেশটির জন্য এই অর্থ বিরাট হলেও ব্রাজিল মনে করে, এই বিনিয়োগ ভবিষ্যতে তাদের এনে দেবে বড় ধরনের অর্থনৈতিক অগ্রগতি। কিন্তু এই অর্থ সঠিকভাবে ব্যয় করে সময়মতো সব অবকাঠামো নির্মাণে ব্রাজিলের সামর্থ্য রয়ে যাচ্ছে প্রশ্নের মুখেই।২০১৬ সালের অলিম্পিকের জন্য তাদের সাজাতে হবে কেবল একটি শহর—রিও ডি জেনিরো। বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ১২টি শহরে। বিশ্বকাপ সামনে রেখে ওই শহরগুলোর স্টেডিয়াম ও প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়নকাজের অগ্রগতি নিয়ে উদ্বেগ আছে খোদ ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোরই। ওডেব্রেচট নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের হাতে আছে বিশ্বকাপের চারটি স্টেডিয়াম, অলিম্পিক ভিলেজসহ বেশ কিছু অবকাঠামো নির্মাণের দায়িত্ব। অলিম্পিক আয়োজনে কোনো সমস্যা হবে না—এটা স্পষ্টভাবে জানালেও বিশ্বকাপের আয়োজন নিয়ে কিছুটা শঙ্কা প্রকাশ করেছেন ওডেব্রেচট কোম্পানির অবকাঠামো ইউনিটের প্রধান বেনেডিক্ট বারবোসা ডি সিলভা জুনিয়র। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘অলিম্পিক আয়োজনের কেন্দ্রে থাকা সব প্রকল্পের কাজই ভালোভাবে চলছে। সেগুলো যে সময়মতোই তৈরি হয়ে যাবে, তা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আপনি এখনই এসব জায়গায় গিয়ে অগ্রগতিটা দেখতে পারবেন। কিন্তু এখন আমি অলিম্পিকের চেয়ে বিশ্বকাপ নিয়েই কিছুটা চিন্তিত।’কোনো উন্নয়নশীল দেশ বড় কোনো ক্রীড়ানুষ্ঠানের দায়িত্ব পেলে এর সফল আয়োজন নিয়ে একটা উদ্বেগ থাকেই। অনেকের মতে, এটি উন্নয়নশীল দেশের প্রতি উন্নত বিশ্বের উন্নাসিকতা। এর আগে ২০০৮ সালে বেইজিং অলিম্পিক ও ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ নিয়ে সংশয়ের ডামাডোল বেজেছিল উন্নত বিশ্বজুড়ে। কিন্তু শেষ পর্যন্ত ওই দুই আসর কেবল সফলই ছিল না, দৃষ্টিনন্দন আয়োজনে হূদয়ও কেড়েছিল গোটা বিশ্বের। ব্রাজিলের বেলায়ও এমনটাই হবে বলে মনে করেন আশাবাদী মহল। কিন্তু সর্বশেষ ৩০ বছরে বিভিন্ন অবকাঠামো নির্মাণে ব্রাজিলের কালক্ষেপণ, অসফলতার উদাহরণ ফিফা ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সেই শঙ্কাকে বারবার সামনে নিয়ে আসছে। নির্মাণকাজের ব্যবস্থাপনায় কিছুটা সাবধানতা অবলম্বন করতে হচ্ছে ব্রাজিলকে। ২০০৭ সালে প্যান-আমেরিকান গেমস আয়োজন করতে গিয়ে ব্রাজিলকে যে সমস্যায় পড়তে হয়েছিল, তার পুনরাবৃত্তি ঘটতে দিতে চায় না দেশটি। প্যান-আমেরিকান গেমসে বাজেটের অতিরিক্ত ছয় গুণ অর্থ খরচ করে ফেলেছিল ব্রাজিল। মূলত ব্যবস্থাপনায় অদক্ষতা ও দুর্নীতি ব্রাজিলকে ওই সমস্যায় ফেলেছিল। তাই এবার শুরু থেকেই সাবধান ব্রাজিলীয় প্রশাসন। সমস্যা এড়াতে প্রতিটি নির্মাণকাজের পুঙ্খানুপুঙ্খ হিসাব তৈরি করে এগোতে হচ্ছে তাদের। একে অনেকেই পরিপক্বতার চিহ্ন বললেও অর্থ জোগান দিতে এ মুহূর্তে হিমশিম খাচ্ছে ব্রাজিল সরকার। ব্যয়বহুল নির্মাণসামগ্রী, আমলাতান্ত্রিক জটিলতা, সীমিত বিনিয়োগের সম্ভাবনা ও দক্ষ শ্রমশক্তির অভাব অনেক ক্ষেত্রেই পিছিয়ে দিচ্ছে ব্রাজিলের বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতিকে। ব্রাজিলের সবচেয়ে বড় শহর সাও পাওলোতে নতুন স্টেডিয়াম নির্মাণকাজের প্রায় অর্ধেকই এখনো বাকি। বাকি কাজ সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় অর্থের জোগান পেতে সরকারের সঙ্গে একটা চুক্তি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ওডেব্রেচট কোম্পানি। ইতিমধ্যে নিজেদের পকেট থেকে অনেক টাকা এই নির্মাণকাজে লাগানো হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পর এই মাঠেই খেলবে বলে নির্মাণকাজে সহায়তা করছে ব্রাজিলের শীর্ষ ক্লাব কারিন্থিয়ানসও।সংস্কারকাজ বাকি রয়েছে বিখ্যাত মারাকানা স্টেডিয়ামেরও। ১৯৫০ সালে এই মাঠেই অনুষ্ঠিত হয়েছিল বিশ্বকাপ ফুটবলের ফাইনাল। এখন এই স্টেডিয়ামকে রীতিমতো নতুন করে তৈরি করা হচ্ছে। ব্রিটিশরা অলিম্পিকের জন্য ওয়েম্বলিকে যেভাবে নতুনভাবে তৈরি করেছে, ব্রাজিলও অনেকটা সেই পথে হাঁটছে।কিছুটা অন্য ধরনের চ্যালেঞ্জের মুখে উত্তর পূর্বাঞ্চলের দুটি শহর সালভাদর ও রেসিফে। সেখানে শুধু স্টেডিয়ামই নয়, বিশ্বকাপ সামনে রেখে নতুন শহরই গড়ে তোলা হচ্ছে সেখানে। এ কারণে মৌলিক অবকাঠামো নির্মাণের জন্যই দরকার বিপুল পরিমাণ বিনিয়োগ। প্রয়োজনীয় অর্থ জোগানের জন্য ভিন্ন কিছু পন্থাও অবলম্বন করতে যাচ্ছে ব্রাজিল। দেশটির রাষ্ট্রীয় উন্নয়ন ব্যাংক উচ্চ সুদের বিনিময়ে এই নির্মাণকাজে বিনিয়োগের আহ্বান জানাতে যাচ্ছে গ্রাহকদের। কিন্তু পরবর্তীকালে এই প্রকল্পগুলো খুব বেশি লাভজনক হয়ে উঠতে পারবে না, এমন আশঙ্কা করছে ব্রাজিলের ব্যক্তি খাতের ব্যাংকগুলো। এখন বিনিয়োগের জন্য এ ধরনের সম্ভাবনার ব্যাপারটি খতিয়ে দেখছে দেশটির অর্থ মন্ত্রণালয়। ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতির আসলেই কেমন অবস্থা, তার একটা আভাস পাওয়া যাবে সামনের বছর। ২০১৩ সালে এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে কনফেডারেশনস কাপ। এর আগে সব প্রস্তুতি ব্রাজিল শেষ করতে পারবে কি না, সেটাই এখন দেখার বিষয়।