সংশয়ের মেঘে ঢাকা শ্যুটিংয়ের সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯১ দক্ষিণ এশীয় গেমসে শ্যুটিং প্রথম অন্তর্ভুক্ত হওয়ার পরের কয়েকটা আসর ভালোই কেটেছে বাংলাদেশের। প্রথমবার ৩টি, ১৯৯৩ ঢাকা গেমসে ৭টি, ’৯৫ মাদ্রাজ গেমসে ৫টি সোনা জয়। তারপর থেকেই অধোগতি। ’৯৯ কাঠমান্ডু গেমসে ১টি সোনা। ২০০৪ ইসলামাবাদ গেমসে ২টি। সর্বশেষ ২০০৬ কলম্বো গেমসে সোনাও আসেনি একটিও।এবারও সোনা না এলে অবাক হওয়ার কিছু থাকবে না। বাংলাদেশের মূল প্রতিদ্বন্দ্বী ভারত অনেক এগিয়ে গেছে। তাদের সঙ্গে টক্কর দিয়ে সোনা জেতা এখন শুধু কঠিনই নয়, প্রায় অসম্ভব। ভারতের সেরা শ্যুটাররা এই গেমসে আসবেন না, কিন্তু দ্বিতীয় সারির শ্যুটাররা এলেও বাংলাদেশের সামনে তাঁরা ‘বাঘ’ হয়ে দাঁড়াতে পারেন। ভারত অনভিজ্ঞ শ্যুটার পাঠালে হয়তো একটি বা দুটি সোনা আসতে পারে এবং তা ১০ মিটার এয়ার রাইফেলে।শ্যুটিং দলের কাছে এবার কী প্রত্যাশা? খেলা ছেড়ে কোচিংয়ে আসা সাবেক তারকা শ্যুটার সাইফুল আলম রিংকি কোনো ভনিতা করেননি, ‘ভাগ্য ভালো থাকলে একটি সোনা আসতে পারে। মেয়েদের এয়ার রাইফেলেই যা একটু সম্ভাবনা দেখছি। ছেলেদের যা স্কোর, তাতে খুব বেশি আশা করা যায় না।’একই প্রশ্নে একসময়ের ‘স্বর্ণকন্যা’ সাবরিনা সুলতানার উত্তর, ‘আমি কিছুই বলতে পারব না। আমি তো ছেলের পরীক্ষা-টরীক্ষার কারণে কিছুদিন অনুশীলনে নেই। গেমসে খেলব কি না, বলতে পারছি না। তবে যত দূর মনে হচ্ছে, এক-দুটি সোনার আশা করা যায়। মেয়েদের এয়ার রাইফেল দলটা ভালো করছে। অবশ্য ভারতের মূল দল এলে সেই সম্ভাবনা কমে যাবে।’২০০৪ ইসলামাবাদ গেমসে মেয়েদের ১০ মিটারে সোনা জিতেছিলেন শারমিন আক্তার। এবার বাংলাদেশের আশা আরেক শারমিন, শারমিন আক্তার রত্না। সম্প্রতি দোহায় এশীয় এয়ারগান শ্যুটিংয়ে ৪০০-তে তিনি ৩৯৫ করে এসেছেন। বেশ ভালো স্কোর। ইভেন্টটিতে শারমিন, সাদিয়ারা তাঁদের ব্যক্তিগত সর্বোচ্চ ৩৯৩-৯৪ করতে পারলে সোনা আসতে পারে।তবে প্রতিযোগিতায় কোনো ভারতীয় ৪০০-তে ৩৯৬-৯৭ করে বসলে (৪০০ করার রেকর্ডও আছে) কিছু করার থাকবে না বাংলাদেশের মেয়েদের। ব্যাপারটা পুরোপুরি নির্ভর করছে প্রতিযোগিতার নির্দিষ্ট দিন ও ভারতীয়রা কেমন দল নিয়ে আসে তার ওপর।এটাই এখন বড় চিন্তা রত্নাদের। নিজেদের ওপর আত্মবিশ্বাস আছে, কিন্তু সোনা জয়ের ব্যাপারটা তাঁদের হাতে নেই। ‘সোনা জিতব কি না, এটা আগাম বলা যায় না। তবে আমরা সবাই নিজেদের সেরাটা দেব’—বলেছেন রত্না।ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে সম্ভাবনা অত উজ্জ্বল নয়। নিজেকে হারিয়ে খোঁজা আসিফ হোসেন সেরা ফর্মে নেই। তরুণ আবদুল্লাহ হেল বাকি ও মাহমুদুল হাসান ভালো করলেও ভারতীয় শ্যুটারদের চেয়ে অনেক পিছিয়ে। তাঁরা ৬০০-তে ৫৯২-৯৩ স্কোর করার ক্ষমতা রাখেন ঠিকই, আসিফের সেরাও ৫৯৫, প্রতিযোগিতার দিন কেমন করবেন, সেটাই আসল। গত সাফ শ্যুটিংয়ে তো দাঁড়াতেই পারেননি আসিফ-আবদুল্লাহরা।ইভেন্টটিতে ভারতের অভিনব বিন্দ্রা অলিম্পিক চ্যাম্পিয়ন। দেশটির দ্বিতীয় সারির শ্যুটারদের অনেকেই ৬০০-তে নিয়মিত ৫৯৪-৯৫ স্কোর করেন। এই কিছুদিন আগে বিকেএসপিতে সাফ শ্যুটিংয়ে রঘুনাথ ৫৯৭ করে সোনা জিতেছেন। ২০০৬ সালে কলম্বোয় আসিফকে হারিয়ে সোনা জেতা নবনাথকেও আটকানো কঠিন।আসিফও বাস্তবতা মানছেন, ‘কঠিন তো বটেই।’ তবে ২০০২ ম্যানচেস্টার কমনওয়েলথ গেমস ও ২০০৪ ইসলামাবাদ সাফ গেমসের সোনাজয়ীর বিশ্বাস, ‘সোনা জেতা একেবারে অসম্ভব নয়।’ বিকেএসপির আবাসিক ক্যাম্প থেকে বললেন, ‘আমারা সবাই সেরাটা করতে পারলে লড়াই হবে।’ তাঁর কথা, ‘এখন আমার একমাত্র ধ্যানজ্ঞান স্কোর বাড়ানো। নিজেকে সবকিছু থেকে বিচ্ছিন্ন করে এখন আমি শুধুই শ্যুটিং নিয়ে আছি। একটা ফাইট অবশ্যই দেব এসএ গেমসে।’এয়ার রাইফেল ইভেন্টটি তবু আলোচনায় আসছে। আর কোনো ইভেন্ট নিয়ে কথাই বলছেন না কেউ। সিনিয়র শ্যুটার চন্দন বললেন, ‘এয়ার রাইফেলে সোনার সম্ভাবনা আছে।’ কোচ শোয়েবুজ্জামানেরও কথা, ‘এয়ার রাইফেলে সম্ভাবনা দেখছি। মেয়েদের দলটা ভালো করছে।’দীর্ঘ ক্যাম্প, আগের চেয়ে কিছুটা হলেও সুযোগ-সুবিধা বাড়ানো, তারপরও আর কোনো আশা নেই! শ্যুটিং তাহলে কোন পথে যাচ্ছে?