সংসদে যাচ্ছেন শচীন-রেখা
ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার আসনের জন্য মনোনয়ন পেয়েছেন লিটল মাস্টার শচীন টেন্ডুলকার। সংবিধানের নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি বিশেষ ক্ষমতাবলে ১২ জনকে রাজ্যসভার উচ্চকক্ষের আসনের জন্য মনোনয়ন দিতে পারেন। ভারতের ক্রিকেটে অবিস্মরণীয় অবদান রাখার জন্য টেন্ডুলকারকে এই বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। তাঁর সঙ্গে মনোনয়ন পেয়েছেন একসময়ে বলিউড-কাঁপানো অভিনেত্রী রেখা। আশির দশকে দুর্দান্ত অভিনয়ের স্বীকৃতিস্বরূপ এই সম্মান পেয়েছেন এই অভিনেত্রী।শিল্প-সাহিত্য, বিজ্ঞান বা অন্যান্য সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখার জন্য এই রাজ্যসভার মনোনয়ন দেওয়া হয় বিশিষ্ট ব্যক্তিদের। এ বছর এশিয়া কাপে বিস্ময়কর মাইলফলক শততম শতক পূর্ণ করার জন্যই ৩৯ বছর বয়সী শচীনকে এই রাজ্যসভার আসনের জন্য মনোনীত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, আজ বৃহস্পতিবার টেন্ডুলকার দেখা করেন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে। সোনিয়া গান্ধী নিজেই ভারতের এই ব্যাটিং আইকনের সঙ্গে সাক্ষাত্ করতে চেয়েছিলেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এ সময় শচীনের সঙ্গে তাঁর স্ত্রী, ভারতের ক্রিকেট বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইপিএলের সভাপতি রাজিব শুক্লা উপস্থিত ছিলেন।