ইউসেবিও আজও হয়তো গ্যালারিতে থাকবেন। পেলে কি থাকবেন? থাকলে দুজনে মিলে ফিরে যেতে পারেন ৪৪ বছর আগে। না, পেলে ফিরতে চাইবেন না। ইউসেবিও যতই পীড়াপীড়ি করুন, পেলে কিছুতেই মনে করতে চাইবেন না ১৯৬৬ সালের ১৯ জুলাই দিনটির কথা। এই দিনেই ইউসেবিওর পর্তুগালের কাছে হেরে সেবারের বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বিদায় নিয়েছিল পেলের ব্রাজিল। ব্রাজিলের ওই একটাই প্রথম পর্বের বিদায়ের কথা কে আর মনে করতে চায়!মনে করতে না চাইলেও মনে চলে আসে। ব্রাজিলের লোকজন এখনো ভুলতে পারে না, ১৯৬৬ সালের সেই যন্ত্রণার কথা। তাই এবার অন্তত সেই প্রতিশোধটা নিতে চায় তারা। এই চাওয়ার কথাটাই বলছিলেন ডানবুরির ‘পর্তুগিজ কালচারাল সেন্টার’-এর ট্রাস্টিবোর্ড সদস্য ফ্রান্সিসকো ভাইয়া, ‘আমাদের সবকিছু ভালোই মনে আছে। সবারই সেই ১৯৬৬ সালের খেলাটার কথা মনে আছে। এবার যারা জিতবে, তারাই বলবে, মনে রেখো ২০১০ সালে কিন্তু আমরা জিতেছিলাম।’আসলে কী হয়েছিল ১৯৬৬ সালে? ব্রাজিল সেবার বিশ্বকাপে পেলে, টোস্টাও, গারিঞ্চাদের নিয়ে এসেছিল টানা তৃতীয় শিরোপা জিততে। কিন্তু গ্রুপ পর্বেই ঝামেলা লেগে গেল। একই গ্রুপে পড়ে গেল হাঙ্গেরি, পর্তুগাল ও ব্রাজিল। প্রথম ম্যাচে পেলে ও গারিঞ্চার গোলে গ্রুপের চতুর্থ দল বুলগেরিয়াকে হারাল (২-০) ব্রাজিল। কিন্তু পরের ম্যাচে টোস্টাও এক গোল করেও দেখলেন হাঙ্গেরির কাছে ৩-১ গোলের হার। শেষ ম্যাচে পর্তুগালের বিপক্ষে জিতলে প্রথম পর্ব পার হওয়ার সুযোগ তৈরি হয় ব্রাজিলের। কিন্তু ইউসেবিওর জোড়া গোলে ৩-১ ব্যবধানে জিতে গেল পর্তুগিজরা। ব্রাজিলের কাছে এমনিতেই এই হার অনেক বড় একটা ব্যাপার। যে দলটি বিশ্বকাপে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে, তারা ১৯৩৪ সালের পরে ওই একবার মাত্র প্রথম পর্ব থেকে বাদ পড়েছে; তাদের কাছে ওই হারের অর্থ তো অনেক বড়ই হবে। ব্রাজিলের জন্য সেটা ফুটবলীয় এসব সমীকরণের চেয়েও বেশি কিছু। হারটা যে ছিল সাবেক শাসক দেশের বিপক্ষে! ৩০০ বছর ধরে ব্রাজিলে ঔপনিবেশিক শাসন করার পর ১৮২২ সালে পর্তুগাল হটে যায় সে দেশ থেকে। কিন্তু এর মধ্যেই ব্রাজিল সংস্কৃতি, ভাষার দিক থেকে ‘পর্তুগিজ’ হয়ে উঠেছে। এখনো দেশটির প্রধান ভাষা পর্তুগিজ। এএফপি, ওয়েবসাইট।ফলে সাবেক শাসকদের কাছে এই পরাজয় মেনে নেওয়া সহজ ছিল না ব্রাজিলের জন্য। কমিউনিদেদ নিউজ নামে পর্তুগিজ ভাষার পত্রিকার সম্পাদক ব্রেনো দামাতা বলছিলেন, ‘ব্রাজিল একসময় পর্তুগালের উপনিবেশ ছিল। কিন্তু এখন ব্রাজিল ফুটবলীয় দিক থেকে অনেক অনেক এগিয়ে গেছে, পর্তুগালের চেয়ে অনেক বড় ফুটবলীয় দেশ তারা। তার পরও অনেক পর্তুগিজ খোঁচা দিয়ে বলে, “মনে রেখো, আমরা তোমাদের শাসক ছিলাম।” ব্রাজিলীয়রা নিশ্চয়ই এই কথা শুনতে পছন্দ করে না।’এই পছন্দ না করা থেকেই পর্তুগাল-ব্রাজিল দ্বৈরথ। বিশ্বকাপে দু দলের একমাত্র সাক্ষাতে পর্তুগাল জিতলেও, এই দ্বৈরথে ব্রাজিলই এগিয়ে। দু দলের ১৮ সাক্ষাতে ১২ বারই জিতেছে ব্রাজিল। সর্বশেষ দু দলের সাক্ষাতে, ২০০৮ সালে ব্রাজিল ৬-২ গোলে হারিয়েছিল পর্তুগালকে। এবার সেই প্রতিশোধটা নিতে চায় পর্তুগাল। বলছিলেন থিয়াগো, ‘ওই হারটা আমাদের জন্য খুবই বড় ছিল। এবার সুযোগ এসেছে ওদের হারানোর।’এদিকে পর্তুগাল চায় ২০০৮-এর প্রতিশোধ নিতে। আর রবিনহো-ফ্যাবিয়ানোরা নিশ্চয়ই পেলেকে উপহার দিতে চাইবেন ছিষট্টির প্রতিশোধ!