সকারুদের তারকা জ্যাসন কুলিনা
বিশ্বকাপে ‘সকারু’ অর্থাত্ অস্ট্রেলিয়া অন্য যেকোনো দেশের জন্যই বিপদের কারণ হতে পারে—এমনটা মনে করেন অনেক ফুটবল বোদ্ধাই। ২০০৬ সালের বিশ্বকাপে চমত্কার নৈপুণ্য প্রদর্শন করে দলটি দ্বিতীয় রাউন্ডে চলে গিয়েছিল। ইতালির বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত সকারুদের পারফরম্যান্স ছিল চমত্কার। ২০০৬ সালের পারফরম্যান্সেরই পুনরাবৃত্তি ঘটাতে চায় এবার অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ মধ্যমাঠের তারকা জ্যাসন কুলিনা অন্তত তাই মনে করেন। কুলিনা ২০০৫ সাল থেকে অস্ট্রেলিয়া ফুটবল দলের নিয়মিত সঙ্গী। ২০০৬ সালের বিশ্বকাপে চমত্কার নৈপুণ্য প্রদর্শন করে তিনি সকারুদের অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হয়েছেন। তিনি বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকায় অস্ট্রেলিয়া এবার ভালো করবে। কারণ, ২০০৬-এর প্রায় সবাই এবারও বিশ্বকাপে খেলবে। এ দলটি অভিজ্ঞ। গত চার বছরে এই দলের সবাই অভিজ্ঞতায় হয়েছে শাণিত, কৌশলে হয়েছে অনেক বেশি পরিণত। সব মিলিয়ে এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়া কাউকে ছেড়ে কথা বলবে না।’অস্ট্রেলিয়া দলের প্রতি প্রত্যাশার সেই পাহাড়সম চাপটা নেই বলেই হয়তো বিশ্বকাপে সকারুরা অনেক বেশি নির্ভার হয়ে খেলতে পারবে বলেই মনে করেন কুলিনা। তিনি বলেন, অস্ট্রেলিয়া দলের মূল ভাবনাই হলো বিশ্বকাপকে চাপ হিসেবে না নিয়ে আনন্দের উত্স হিসেবে নেওয়া। তাহলেই ভালো কিছু করা সম্ভব। তিনি আরও বলেন, ‘আমরা মনে-প্রাণেই বিশ্বাস করি, এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়া অনেক ভালো ফলাফল করবে।’২৯ বছর বয়স্ক কুলিনা নেদারল্যান্ডে পিএসভি আইন্দহোভেনের হয়ে একটি সফল মৌসুম কাটানোর পর এবার অস্ট্রেলিয়ান ফুটবল লিগ, ‘এ’ লিগে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন গোল্ড কোস্ট ইউনাইটেডের সঙ্গে। এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার শীর্ষ তারকা খেলোয়াড়দের অন্যতম তিনি। জ্যাসন কুলিনা বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মিশন সফল করার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়েই যাচ্ছে দক্ষিণ আফ্রিকায়।অস্ট্রেলিয়া ১৪ জুন ডারবানে শক্তিশালী জার্মানির বিপক্ষে প্রথম গ্রুপ ম্যাচে মাঠে নামবে।