ফেনী সকার ১-১ করে ফেলেছিল ম্যাচটা। কিন্তু শেষ পর্যন্ত উদ্যম আর ধরে রাখতে পারেনি। বড় দল মোহামেডান শেষ দিকে হেসেখেলেই ৩-১ ব্যবধান নিয়ে মাঠ ছেড়েছে।মাঠ মানে কমলাপুর স্টেডিয়াম, যেটি ভালো ফুটবলের জন্য সহায়ক নয়। মাঠের মাপটা বঙ্গবন্ধু স্টেডিয়ামের তুলনায় ছোট। ফলে এই মাঠ বড় দলগুলোর জন্য ঝুঁকিপূর্ণই। মাঠের কোথায় কোথাও আলগা মাটি। অসমান। বল হঠাৎ হঠাৎ অতিরিক্ত লাফায়।কিন্তু কিছু করার নেই। বাধ্য হয়েই এখানে স্বাধীনতা কাপের ম্যাচ খেলতে হচ্ছে দলগুলোকে। বাফুফের পরিকল্পনাহীনতায় বঙ্গবন্ধু স্টেডিয়াম ছাড়তে হয়েছে ২৬ মার্চ সরকারি অনুষ্ঠানের জন্য। কমলাপুরে নিরাপত্তা বলতে কিছু নেই দলগুলোর। পরশু তো বিরতির সময় পুলিশ না দেখে রেফারি মাঠেই নামতে চাননি।কাল মোহামেডান গোল হজম করে যখন ১-১, গ্যালারি থেকে দলটির সমর্থকেরা মাঠে ছুড়ে মারে জুতা-বোতলসহ আরও কিছু জিনিস। বড় কোনো গোলমাল না হওয়ায় রক্ষা। তবে এমন অরক্ষিত স্টেডিয়ামে যেকোনো দিন গন্ডগোল লেগে যেতে পারে।সে যা-ই হোক, ম্যাচের প্রথম গোলটা করেছিল মোহামেডান। গোলের জন্য যখন অস্থিরতা বাড়ছে, তখন মিডফিল্ডার মারুফ এ মৌসুমেই নিজের প্রথম গোলটা পেলেন ফাঁকা পোস্টে হেড করে। কিন্তু এরপর মোহামেডান গোল খেয়েছে বড় দৃষ্টিকটুভাবে। গোলরক্ষক মামুন খান বল বাড়ান ডিফেন্ডার মিন্টু শেখকে, অমনোযোগী মিন্টু হেলেদুলে বলটা মারেন সকারের ফরোয়ার্ড রিদনের গায়ে। সেই বলই রিদন দ্বিতীয় প্রচেষ্টায় দারুণ শটে জালে পাঠান।একটা সময় মাঠে দাঁড়িয়ে পড়ে ক্লান্ত এবং প্রস্তুতিবিহীন সকার। সেই সুযোগ কাজে লাগিয়ে দুই গোল করেন মরিসন। টুর্নামেন্টে এটি মোহামেডানের দ্বিতীয় জয়। প্রথম জয় এসেছে নৌবাহিনীর বিপক্ষে। অন্যদিকে প্রথম দুটি ম্যাচই হেরে স্বাধীনতা কাপ থেকে বিদায় নিয়েছে ফেনী সকার।