সকালে বিধ্বস্ত কেনিয়া রাতে কানাডা
দুটি দেশেরই নামের আদ্যক্ষর ‘ক’। দুই দেশেরই আছে বিশ্বকাপে অঘটন ঘটানোর ইতিহাস। আইসিসি যখন ঘোষণা দিল, আগামী বিশ্বকাপটা তারা করবে সহযোগী দেশবিবর্জিত, এই দুই দেশ সরব হলো সবচেয়ে বেশি। কিন্তু কাল মাঠে কোনো জবাবই দিতে পারল না দেশ দুটি। ২০১১ বিশ্বকাপ অভিযানের শুরুটা হলো খুব বাজেভাবে। দিনের প্রথম ম্যাচে কেনিয়া নিউজিল্যান্ডের কাছে হেরেছে ১০ উইকেটে। আর শ্রীলঙ্কা কানাডাকে হারিয়েছে ২১০ রানে। আইসিসির সিদ্ধান্ত শুনে তেতে উঠেছিল কেনিয়া। দেশটির ক্রিকেট বোর্ডের নির্বাহী টম সিয়ার্স পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছিলেন, তারা যদি খেলার মান বাড়াতে পারে, তাহলে তাদের খেলতে না দেওয়ার কোনো মানেই হয় না। এরপর প্রত্যয় ব্যক্ত করেছিল এই বিশ্বকাপেই বড় দলগুলোকে চমকে দেওয়ার। কিন্তু কাল চমকে গেল তারাই। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে আউট হলো তারা নিজেদের সর্বনিম্ন স্কোরে। জয়ের জন্য ৭০ রান তুলতে কোনো উইকেট না হারানো নিউজিল্যান্ড নিল মাত্র ৮ ওভার।চমক-টমক নয়, কানাডা বলেছিল বড় একটি দলকে হারিয়ে কোয়ার্টারে খেলার কথা। কিন্তু শ্রীলঙ্কার কাছে উড়ে যাওয়ায় সেই স্বপ্ন আর তারা দেখবে কি না কে জানে! প্রথমে ব্যাট করে মাহেলা জয়াবর্ধনের সেঞ্চুরি (১০০) ও কুমার সাঙ্গাকারার ৯২ রানের ইনিংসের কল্যাণে ৭ উইকেটে ৩৩২ রান তোলে শ্রীলঙ্কা। কানাডা ৩৬.৫ ওভারে অলআউট হয়েছে ১২২ রানে।