সঙ্গী পেলেন কপিল দেব
বিশ্বকাপ ট্রফিটা হাতে তোলার খুব কাছে গিয়েও ফিরে আসতে হয়েছিল। আট বছর আগে ওয়ান্ডারার্সে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ১২৫ রানে হেরে স্বপ্নের সমাধি হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। সেদিন সৌরভ গাঙ্গুলী যা পারেননি এবার দেশের মাটিতে সেটা করে দেখাল মহেন্দ্র সিং ধোনির ভারত।এই দলটিকে তাই কীভাবে প্রশংসায় ভাসাবেন, কীভাবে এই জয়ে উৎসব করবেন, সেটা যেন খুঁজে পাচ্ছিলেন না কলকাতার মহারাজ। ভারতের সাবেক অধিনায়ক ওয়াংখেড়েতে ধারাভাষ্য কক্ষে বসে দেখেছেন ভারতের ঐতিহাসিক জয়। জয়ের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে বলেছেন, ‘এটা অবিশ্বাস্য। এই অনূভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারছি না।’ তবে ২০০৩ ফাইনালের স্মৃতি হাতড়ে বললেন, ‘সেদিন সেরা দলই (অস্ট্রেলিয়া) জিতেছিল। আজ রাতেও (পরশু) জিতেছে সেরা দল। তবে ওই ফাইনালের কথা এখন সবাই ভুলে যাবে, কথা বলবে এই ফাইনাল নিয়েই।’ ধোনির সাহসী ইনিংসের প্রশংসা করে বলেছেন, ‘পার্থক্যটা দেখুন, ধোনি নিজেকে কীভাবে তুলে ধরল...২৭৫ রান তাড়া করা সহজ ব্যাপার নয়। কিন্তু আমরা স্বাভাবিক খেলা খেলেই সেটা করলাম। গৌতম গম্ভীর খেলল অসাধারণ এক ইনিংস।’আরেক সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার এক কাঠি বাড়িয়ে বললেন, ‘ভারত এখন বিশ্বের সেরা। এই মুহূর্তটির জন্য তারা অনেক দিন ধরে পরিশ্রম করেছে।’ ১৯৮৩-এর বিশ্বকাপজয়ী দলের সদস্য প্রশংসা করলেন কোচ গ্যারি কারস্টেনেরও, ‘ধোনির দলকে আত্মবিশ্বাসী করে তুলেছেন গ্যারি।’ আর ধোনিকে বললেন সফল অধিনায়ক, ‘ধোনি সামনে থেকে দলকে এগিয়ে নিয়ে গেছে। ও দারুণ এক নেতা।’শেষ পর্যন্ত যে ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটেছে সেটা দেখে খুশিতে আপ্লুত আরেক সাবেক অধিনায়ক কপিল দেব, ‘এত খুশি হয়েছি যে বলে বোঝাতে পারছি না। আমার সঙ্গে পুরো দেশই এমন একটা ঘটনার জন্য অপেক্ষা করছিল এত দিন। এটা চমৎকার এক জয়। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি।’ ১৯৮৩ বিশ্বকাপে কপিলের সতীর্থ এবং বর্তমান বোর্ডের প্রধান নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত এই জয়কে দেখছেন দলীয় ঐক্যের সুফল হিসেবে। ওয়েবসাইট।