সজীব মুরালিকে চান বেলিস
শ্রীলঙ্কার লক্ষ্য এবার দ্বিতীয়বারে মতো বিশ্বকাপটাকে হাতে তোলা। তাদের বিশ্বকাপ অভিযাত্রার অন্যতম সারথি, মুত্তিয়া মুরালিধরন। আগেই ঘোষণা দিয়েছেন, বিশ্বকাপের পর অবসরে যাবেন, বিদায়বেলায় তাই বিশ্বকাপে হাত ছোঁয়াতে চান টেস্ট ক্রিকেটের সর্বাধিক উইকেটের মালিক। তবে মুরালিকে ছাড়াই পরশু প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা।তাঁর অভাব অবশ্য অনুভব করেনি ১৯৯৬ বিশ্বকাপজয়ী দলটি। গত পরশু প্রস্তুতি ম্যাচে তারা ১৫৬ রানে হারিয়েছে হল্যান্ডকে। মুরালিধরন ছাড়া খেলেছেন বাকি সবাই। রান পেয়েছেন প্রায় সব ব্যাটসম্যান। বোলাররাও ভালো করেছেন।মুরালিকে সজীব রাখতেই এই বিশ্রাম। কোচ ট্রেভর বেলিস মনেপ্রাণে চাইছেন শতভাগ ফিট মুরালিধরনকে। ‘মুরালি এখন তার ক্যারিয়ারের শেষ প্রান্তে, আর আমরা নিশ্চিত হতে চাই সে যেন শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সতেজ থাকে’—বলেছেন বেলিস।একটা দলের জন্য বিশ্বকাপ হলো সবচেয়ে বড় অর্জন। ১৯৯৬-এ শ্রীলঙ্কা বিশ্বকাপ জিতেছিল আরেক অস্ট্রেলীয় কোচ ডেভ হোয়াটমোরের হাত ধরে। বেলিস কি পারবেন পূর্বসূরির দেখানো পথে সাফল্যের সিঁড়িতে পা রাখতে? সময়ই বলবে। তবে বিশ্বকাপ শেষেই শ্রীলঙ্কার কোচের দায়িত্ব ছেড়ে দেবেন বেলিস। শ্রীলঙ্কার ভবিষ্যৎ নিয়ে উচ্ছ্বসিতই তিনি। মনে করছেন, শ্রীলঙ্কার সাফল্যের অন্যতম কারিগর মুরালিধরনকে ছাড়া কোনো সমস্যা হবে না তাদের।‘শ্রীলঙ্কান দলে ও দলের বাইরে অনেক ভালো ভালো তরুণ খেলোয়াড় আছে। তাই শ্রীলঙ্কার ক্রিকেটের আলোকিত ভবিষ্যৎই দেখছি আমি’—বলেছেন ২০০৭-এর আগস্টে অস্ট্রেলিয়ার দায়িত্ব নেওয়া কোচ।আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। এএফপি।