বড়দিন ও শীতকালীন ছুটির পর পরশু থেকেই আবার মাঠে নেমে গেছে স্প্যানিশ লিগ, এদিন রিয়াল বেটিস ২-১ গোলে হারিয়েছে রিয়াল জারাগোজাকে। তবে আসল উত্তেজনা শুরু আজ থেকে। আজই যে মাঠে নামছে শীর্ষ তিন দল বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ। ছুটি কাটিয়ে আবার নিজ নিজ দল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন রিয়ালের ক্রিস্টিয়ানো রোনালদো ও বার্সেলোনার আন্দ্রেস ইনিয়েস্তা
সতর্ক ইনিয়েস্তা
এবারের বড়দিনটার মতো আনন্দ খুব কমই পেয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা। চিরপ্রতিদ্বন্দ্বীদের ১৬ পয়েন্টের বিশাল দূরত্বে রেখে বড়দিনের ছুটি কাটিয়েছেন। বড়দিনটা ‘বড়’ দিনের মতো লাগারই কথা। আসল ব্যাপারটি অবশ্য অন্যখানে। এই প্রথম যে বউয়ের সঙ্গে বড়দিনের ছুটি কাটালেন ইনিয়েস্তা। গত বছর জুলাইয়ে পুরোনো বান্ধবী আনা অর্তিজের সঙ্গে শুভ কাজটা সেরে রেখেছিলেন বার্সা তারকা।রিয়াল ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেললে ছুটিতেও একটা অনিশ্চয়তা কাজ তো করতই। সেদিক দিয়েও বাঁচা গেছে। ইনিয়েস্তা অবশ্য দাবি করছেন, রিয়াল যত দূরেই থাক, বার্সেলোনাকে নিজেদের কাজটা ঠিকমতো করে যেতে হবে। আত্মতৃপ্তির ঢেকুর তুলতে গেলে হেঁচকি এবং হোঁচট দুটোই খেতে পারে বার্সা, ‘আমরা লা লিগা জিতে গেছি—এটা ভাবলে ভুল হবে। সন্দেহ নেই আমরা খুব ভালো অবস্থায় আছি। এ অবস্থায় তৃপ্ত থাকাটাই সহজ, কিন্তু আমি নিশ্চিত, সেটা করলে আমাদের এর খেসারত দিতে হবে। দলকে ভালো করতে হবে। বর্তমানে যে একাগ্রতা নিয়ে খেলছি সেটা ধরে রাখতে হবে। তা না হলে আমরা হেরে যেতে পারি।’শীতকালীন ছুটি দলকে ক্লান্তি মুছে ফেলতে সাহায্য করে। আবার একই সঙ্গে ছন্দপতন ঘটার শঙ্কাও থাকে। বার্সার জন্য লাভ হলো নাকি ক্ষতি, সেটা বোঝা যাবে আজই। আজকের ম্যাচটা বার্সার জন্য পরীক্ষারও। আজ যে কাতালান ডার্বি। এমনিতে রিয়াল মাদ্রিদ বনাম অ্যাটলেটিকো লড়াইটার মতোই বার্সা-এসপানিওল ম্যাচটা অনেকটাই একপেশে। লিগে সর্বশেষ ২৫ ম্যাচে বার্সাকে মাত্র তিনবার হারাতে পেরেছে এসপানিওল। তবে এ সময় বেশ কবার বার্সাকে রুখে দিয়েছে পুঁচকে প্রতিপক্ষরা। গত ১২ ম্যাচেই যেমন আছে পাঁচ ড্র। এই মৌসুমে বার্সা যে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে, তাতে আজ ড্র করতে পারলেও এসপানিওলের জন্য তা জয়েরই সমান হবে। এখন পর্যন্ত ১৭ ম্যাচে একবারই দুটি পয়েন্ট হারিয়েছে বার্সা, সেটিও রিয়াল মাদ্রিদের বিপক্ষে।বার্সেলোনা এর মধ্যে আরেকটা সুখবরও পেয়েছে। গত বুধবার অনুশীলন তদারক করে যাওয়া কোচ টিটো ভিলানোভা আজ ডাগ-আউটেও ফিরছেন। বার্সার সহকারী কোচ জর্ডি নিশ্চিত করেছেন। ইনিয়েস্তা বলেছেন, ক্যানসারের বিরুদ্ধে ভিলানোভার এই লড়াইয়ে শিষ্য হিসেবে তাঁরাও উজ্জীবিত। এখান থেকে প্রেরণা খুঁজে নিচ্ছেন তাঁরাও। ওয়েবসাইট।