সতীর্থকেই ঢুস

হুঁশ হারিয়ে ঢুস মারবেন? নৈবচ! ফুটবল মাঠে ঢুস মারা বারণ। ঢুসের শাস্তি একটাই—সোজা লাল কার্ড। জিনেদিন জিদান ঢুসের পরিণতি ভালো জানেন, কদিন আগে জানলেন পেপে। মজার ব্যাপার হলো, ক্যামেরুনের এক খেলোয়াড় পরশু জোরসে ঢুস মেরেছেন। রেফারি পুরো ঘটনা দেখেছেনও। কিন্তু কোনো লাল কার্ড নেই! রেফারি যে নিরুপায়। ক্যামেরুন ডিফেন্ডার বেনোয়া আসু-একোতো যে ঢুসটা নিজের সতীর্থকেই মেরেছেন! পরশু ক্রোয়েশিয়ার সঙ্গে ম্যাচের অন্তিম সময়ের ঘটনা। দল ৪ গোল খেয়ে বসে আছে, পরাজয় নিশ্চিত। মেজাজ সামলাতে না পেরে সতীর্থ বেঞ্জামিন মুকানজোকে ঢুস মেরে বসলেন আসু-একোতো। সঙ্গে সঙ্গে এক সতীর্থ এসে পড়ায় ব্যাপারটা খুব বেশি দূর

গড়ায়নি। তবে আসু-একোতোর ক্ষোভটা কিন্তু রয়েই গিয়েছিল। শেষ বাঁশির পর টানেলে অধিনায়ক ইতোকে রীতিমতো প্রাণপাত করতে হয়েছে ক্ষুব্ধ সতীর্থকে শান্ত করতে।
এমনিতেই টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপ-স্বপ্ন শেষ দলের। তার ওপর এ রকম অনভিপ্রেত ঘটনা দেখিয়ে দিল, দলের ভেতরে কোথাও গড়বড় আছে। ক্যামেরুন কোচ ভলকার ফিঙ্কের বিরক্তিটা চাপা রইল না, ‘কেন এ রকম হলো, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। কারণ এ রকম আচরণ খুবই গর্হিত। এটা মেনে নেওয়ার মতো নয়।’ রয়টার্স, ওয়েবসাইট।