সতীর্থদের সজাগ থাকার আহ্বান পুয়োলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্প্যানিশ লিগের মাঝামাঝি পর্যায়ে এসেই শিরোপা জয়ের স্বাদ পাচ্ছে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকে তারা এগিয়ে আছে ১৩ পয়েন্টের ব্যবধানে। ১৬ ম্যাচ শেষে এখন পর্যন্ত একটি ম্যাচেও হারের মুখ দেখেনি কাতালানরা। জয় পেয়েছে ১৫টিতেই। তবে দুর্দান্ত এই পারফরম্যান্স সত্ত্বেও এখনই খুব বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই বলে মনে করেন কার্লোস পুয়োল। রিয়াল মাদ্রিদ লিগের শেষ ম্যাচ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে বলে সতীর্থদের সতর্ক করে দিয়েছেন বার্সেলোনার এই ডিফেন্ডার।স্প্যানিশ লিগের শেষ ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে বেশ ভালো অবস্থানে চলে গিয়েছে বার্সেলোনা। অন্যদিকে রিয়াল মাদ্রিদ হতাশাজনকভাবে ২-২ গোলে ড্র করেছে নিচের সারির ক্লাব এসপানিওলের বিপক্ষে। তবে এখন ভালো অবস্থানে থাকলেও লিগের শেষ ম্যাচ পর্যন্ত সতীর্থদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বার্সেলোনার ডিফেন্ডার কার্লোস পুয়োল। তিনি বলেছেন, ‘রিয়াল মাদ্রিদ এমন একটা দল যারা শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছাড়ে না। তারা শেষ পর্যন্ত লড়াই করবে। দুই বছর আগেও এমনটা ঘটেছিল। আমরা তাদের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে গিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত শিরোপা জয়ের জন্য আমাদের বার্নাব্যুতে গিয়ে তাদের হারাতে হয়েছিল।’৩৪ বছর বয়সী পুয়োল সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন নিজের ভবিষ্যত্ পরিকল্পনা নিয়েও। সবকিছু ঠিকঠাক থাকলে ৪০ বছর পর্যন্ত পেশাদারি ফুটবল খেলে যেতে চান বলে জানিয়েছেন পুয়োল। তিনি বলেছেন, ‘সম্প্রতি হাতের ইনজুরির কারণে আমি কঠিন কিছু সময় পার করেছি। কিন্তু এখন আমি আবার সুস্থ আর আমার খেলাটাও উপভোগ করছি। এভাবে আমি অন্তত ৪০ বছর পর্যন্ত খেলে যেতে চাই।’ তবে দলের স্বার্থে যেকোনো সময় সরে দাঁড়াতেও রাজি আছেন বলে জানিয়েছেন পুয়োল।— ইএসপিএন