সতীর্থদের সতর্ক থাকতে বললেন তোরেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিশ্চিতভাবেই এবারের ইউরো চ্যাম্পিয়নশিপের প্রধান ফেবারিট স্পেন। দুই ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষেও আছে গতবারের শিরোপাজয়ীরা। আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে দুর্দান্ত ফর্মে থাকা ক্রোয়েশিয়ার। ক্রোটরাও চার পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। তাই আজকের ম্যাচে একটু ভুলত্রুটি থেকে ঘটে যেতে পারে বড় একটি অঘটন। তাই আজকের ম্যাচের আগে সতীর্থদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ফার্নান্দো তোরেস। ‘এ’ গ্রুপ থেকে রাশিয়া যেভাবে বাদ পড়ে গেছে, সেরকমটা যেন স্পেনের ভাগ্যেও না ঘটে সে ব্যাপারে দৃষ্টি রাখতে হবে বলে মনে করেন এই স্প্যানিশ স্ট্রাইকার।‘এ’ গ্রুপের প্রথম দুইটি ম্যাচে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল রাশিয়া। কিন্তু শেষ ম্যাচে গ্রিসের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছে তাদের। প্রথম দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট সংগ্রহ করতে পারা গ্রিসই পেয়ে গেছে দ্বিতীয় পর্বের টিকিট। সতর্ক না থাকলে স্পেনের ভাগ্যেও এমন ট্রাজেডি ঘটতে পারে বলে মনে করেন তোরেস। তিনি বলেছেন, ‘রাশিয়ার ফলাফলটা আমাদের জন্য একটা সতর্কীকরণ বার্তা। আমাদেরকে শেষ ম্যাচটা জিততেই হবে। এটা এমন একটা প্রতিযোগিতা যেখানে ছয় পয়েন্ট থাকা সত্ত্বেও আপনি বাদ পড়ে যেতে পারেন।’ তবে নিজেদের শক্তিমত্তা নিয়ে বেশ ভালোই আত্মবিশ্বাসী তোরেস। তবে প্রতিপক্ষকে যে একেবারেই হেয় করা যাবে না, সেটাও সতীর্থদের স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। বলেছেন, ‘আমরা আমাদের শক্তিমত্তা সম্পর্কে যথেষ্ট সতেচন। আমরা আগের ম্যাচের ভিডিওগুলো দেখেছি। আর বিশ্বাস করি যে, আমরা আমাদের খেলাটা খেলতে পারব আর জিততে পারব। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হলো, প্রতিপক্ষকে সম্মান জানানো। আমরা জানি যে রাশিয়া ছিটকে পড়েছে মাত্র একটি গোলের ব্যবধানের কারণে। এটা একটা সতর্কীকরণ বার্তা।’ ইএসপিএন