সতীর্থরা মালিকের পাশে
বর তো সেই সপ্তাহখানেক ধরে হবু শ্বশুরের বাড়িতে। এবার পৌঁছে গেল বরপক্ষও। পরশু হায়দরাবাদে এসেছে শোয়েব মালিকের পরিবার। ১৫ এপ্রিলই সানিয়া মির্জার সঙ্গে বিয়ে হচ্ছে তাঁর। বুধবার রাতে সানিয়ার শহরে পা রেখেছেন তাঁর হবু শাশুড়ি সুলতানা ফারুক, ভাই আদিল মালিক, দুই বোন সাজিয়া ও সাদাফ ইমরান এবং ভাগ্নে মামুন ও ভাগ্নি জয়নব।সব ঝামেলা চুকে যাওয়ায় মালিকের পরিবারের মতো স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তাঁর সতীর্থরাও। শোয়েব আখতার যেমন বলেছেন, ‘আমি খুবই আনন্দিত যে শোয়েব আর সানিয়া অবশেষে বিয়ে করছে। গত কদিনে যা হলো, তা খুবই দুঃখজনক এবং অপ্রত্যাশিত। যেভাবে ঘটনা এগোচ্ছিল, সেটি পাকিস্তান-ভারত দুই দেশের ভাবমূর্তির জন্যই খারাপ ছিল। ভালোয় ভালোয় সব শেষ হয়েছে—এটাই সুখবর।’পাকিস্তানের প্রধান নির্বাচক মহসিন খানের কথা শুনেও বোঝা যাচ্ছে, গত কিছু দিনের ঘটনাপ্রবাহ উদ্বিগ্ন করে তুলেছিল তাঁকেও, ‘বিয়ে তো উৎসব-আনন্দের ব্যাপার। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, এখানে পরিস্থিতি নাগালের বাইরে চলে গিয়েছিল। আর মিডিয়াও পুরো ব্যাপারটি নিয়ে যেভাবে মেতে উঠেছিল, সেটি অনেকের জন্যই ছিল হতাশার।’আরেক পাকিস্তানি অলরাউন্ডার আবদুল রাজ্জাকেরও একই কথা, ‘পুরো বিষয়টি স্নায়ুর পরীক্ষা নিয়েছে। যেভাবে কাদা ছোড়াছুড়ি হচ্ছিল, সেটি দুঃখজনক। এটা বেশ ভালো যে সব ঝামেলা শেষ হয়ে গেছে। শোয়েব-সানিয়ার বিয়ে হচ্ছে।’‘শেষ ভালো যার সব ভালো তার’ তত্ত্বে বিশ্বাসী উমর গুলও, ‘এ ধরনের ঘটনা কারও সঙ্গেই ঘটা উচিত নয়। যাক, সব শেষ। আমি শোয়েব আর সানিয়ার অনাগত জীবনে সুখ-সমৃদ্ধি কামনা করছি।’সব মিলে ‘নার্ভাস’ মালিক চান, এ বিয়েতে জাতীয় দলের সতীর্থরাও চলে আসুন। ১৫ তারিখ হায়দরাবাদে পাকিস্তানি তারকা ক্রিকেটারদের মিছিল দেখলেও তাই অবাক হওয়ার কিছু নেই।ওদিকে সাবেক ক্রিকেটার বাসিত আলী বলছেন, পুরো বিষয়টি এখনো তাঁর কাছে ঘোলাটে। কিছু কিছু প্রশ্নের উত্তর তিনি মেলাতে পারছেন না। হুট করে মালিক তালাক দিতে রাজি হয়ে গেলেন কেন—এই প্রশ্ন অনেকের মনেই। শোনা যাচ্ছে, পুলিশ নাকি ডিএনএ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। এই খবর শোনার পরই মালিক আগের অবস্থান থেকে সরে আসেন। আয়েশাকে তালাক দিতে রাজি হয়ে যান।মালিক অবশ্য বলছেন, সবার জন্য মঙ্গল হয় এমন একটা সিদ্ধান্তই তিনি নিতে চেয়েছেন। আয়েশাকে তালাক দেওয়াই তাঁর কাছে সবচেয়ে ভালো সিদ্ধান্ত মনে হয়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেলা এই ২৮ বছর বয়সী বলেছেন, ‘প্রথমত আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই। মিডিয়ার আর পুরো পাকিস্তানের প্রতিও আমার কৃতজ্ঞতা রইল আমাকে সমর্থন দিয়ে যাওয়ার জন্য। আমার কোনো কাজে কারও মনে দুঃখ দিয়ে থাকলে তাঁর কাছে ক্ষমা চাই।’ শেষ কথাটি আয়েশার উদ্দেশে কি না, সেটি অবশ্য বোঝা যায়নি।মালিক-সানিয়া দুজনের পক্ষ থেকেই অনুরোধ জানানো হয়েছে, পুরোনো আবর্জনা আরও ঘেঁটে ঘেঁটে দুর্গন্ধ না ছড়িয়ে সবাই যেন এবার শুভলগ্নের প্রার্থনা করে। ওয়েবসাইট।