সত্তরের ব্রাজিলই সেরা: পেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরপর দুটো ইউরো বিজয়, সেই সঙ্গে বিশ্বকাপের শিরোপা। পৃথিবীর সেরা সব শিরোপাই গত চার বছরে জেতা হয়ে গেছে স্পেনের। ম্যাচের পর ম্যাচ জিতে আর মাঠে ব্যক্তিগত পর্যায়ে দুর্দান্ত নৈপুণ্যের মাধ্যমে দলটি এরই মধ্যে নিজেদের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা জাতীয় দলের পর্যায়ে তুলে নিয়েছে। বিতর্ক উঠে গেছে এই স্পেন সর্বকালের সেরা জাতীয় দল কি না ! বিতর্কটা এত দিন সীমিত পর্যায়ে থাকলেও ব্রাজিলীয় ফুটবল কিংবদন্তি পেলে বোধহয় এবার তা উসকেই দিলেন।পেলে বলেছেন, স্পেনের এই দলটির চেয়ে ১৯৭০ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলে প্রতিভাবান খেলোয়াড়ের সংখ্যা অনেক বেশি ছিল। তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল ১৯৭০-এর ব্রাজিল ও জাভি-ইনিয়েস্তাদের স্পেনের খেলা হলে জিতবে কে? উত্তরে কোনো রাখ-ঢাকা না রেখেই তিনি বলেছেন, ‘যদি ৭০-এর দলটিতে আমি খেলতে পারি, তাহলে ব্রাজিলই জিতবে। এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।’পেলে বলেন, সব সময়ই ১৯৭০-এর ব্রাজিল দলটির সঙ্গে সবার তুলনা করা হয়। তুলনাটা এ জন্যই হয়, কারণ ওই দলটা একটা মান নির্ধারণ করে রেখেছে। আর এ জন্যই ১৯৭০-এর ব্রাজিল দলকেই সেরা বলতে হয়।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্পেন ছাড়া আর কোনো দলই একই সঙ্গে দুটো ইউরো ও বিশ্বকাপের ট্রফি হাতে নেয়নি। জাভি-ইনিয়েস্তা-পেদ্রো-ফ্যাব্রিগাস-সিলভা-জাবিদের বল ধরে, ছোট ছোট পাসে আক্রমণে যাওয়ার ব্যাপারটি মনে করিয়ে দেয় ষাট ও সত্তরের দশকে পেলে, গারিঞ্চা, রিভেলিনো, তোস্তাও, গারসন ও জারজিনহোদের ব্রাজিলকে। ১৯৭০-এর যে ব্রাজিল দলটি বিশ্বকাপ জিতেছিল, তাদের ফুটবলবিশ্বে সর্বকালের সেরা দল হিসেবে অনেকেই স্বীকার করে নিয়েছেন। বর্তমানের সর্বজয়ী স্পেন দলের তুলনা তাই খুব করেই হচ্ছে সেই ব্রাজিলের সঙ্গে।পেলের ভাষায়, বর্তমানের স্পেনের সঙ্গে ১৯৭০ সালের ব্রাজিল দলের মূল পার্থক্য হলো খেলোয়াড়ে। তিনি মনে করেন, ১৯৭০ সালের ব্রাজিলীয় দলটিতে ব্যক্তিগত পর্যায়ে অসম্ভব প্রতিভাবান খেলোয়াড়ের সংখ্যা অনেক বেশি ছিল। পেলে বলেন, ব্রাজিলের ওই দলটিতে প্রায় সব খেলোয়াড়ই ছিলেন ঈশ্বর-প্রদত্ত প্রতিভার অধিকারী। যেখানে বর্তমানের স্পেন দলে ওই ধরনের খেলোয়াড়ের সংখ্যা হাতে গোনা দুই-একজন।তবে পেলে বর্তমান সময়ে স্পেনের কৃতিত্বকে একেবারেই খাটো করে দেখছেন না। তিনি বলেন, ‘স্পেনের খেলা দেখতে খুবই ভালো লাগে। ওরা এমন ফুটবল খেলছে, যা গত দুই প্রজন্মের মধ্যে আমার দেখা সেরা ফুটবল। ওদের খেলা দেখাটা আনন্দের পর্যায়েই পড়ে।’ রয়টার্স।