সত্য মেনে নিচ্ছেন ফ্লাওয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্নের জগতে বিচরণ আপাতত শেষ। উড়তে থাকা ইংল্যান্ডকে বাস্তবতার জমিনে নামিয়ে এনেছে পাকিস্তান। অ্যান্ডি ফ্লাওয়ার পূর্ণকালীন দায়িত্ব পাওয়ার পর ইংল্যান্ড সিরিজ হারল এই প্রথম। ইংল্যান্ডের জিম্বাবুইয়ান কোচের দৃষ্টিতে এই হার ‘জেগে ওঠার বার্তা, তবে বার্তাটা যেভাবে এল, সেটা অনাকাঙ্ক্ষিত।’ প্রতিক্রিয়া প্রকাশে বরাবরই খোলামেলা ফ্লাওয়ার। আবুধাবির হারে দায় দিলেন ব্যাটসম্যানদের, ‘কাল (পরশু) আবুধাবিতে যা হলো, ইংলিশ ক্রিকেটকে ভালোবাসে এমন সবার জন্যই সেটা ছিল বেদনাদায়ক। জয়ের জন্য ১৪৫ রান দরকার, ম্যাচটাকে এই অবস্থায় আনতে দারুণ খেলেছিল ছেলেরা। কিন্তু স্পিনারদের আমরা ভালোভাবে সামলাতে পারিনি। আমাদের দক্ষতা যথেষ্ট ছিল না, চাপের সঙ্গে মানিয়ে নিতে পারিনি। এই সত্যগুলোকে আমাদের মেনে নিতে হবে।’ইংল্যান্ড এক নম্বরে ওঠার পর ফ্লাওয়ার ও অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস—দুজনই বলেছিলেন, এবার তাঁদের লক্ষ্য উপমহাদেশে ভালো করা। কিন্তু সেই পরীক্ষার প্রথম ধাপেই ব্যর্থ ইংলিশরা। এখন তো এক নম্বর জায়গাটাই হুমকির মুখে। ফ্লাওয়ার ঘুরে দাঁড়ানোর পালা শুরু করতে চান দুবাইয়ে শেষ টেস্ট থেকেই, ‘এটা আমাদের জন্য বড় এক চ্যালেঞ্জ। এই সিরিজে আমাদের আরেকটা টেস্ট আছে, আছে ওয়ানডে সিরিজ ও দুটি টি-টোয়েন্টি। এরপর শ্রীলঙ্কা ও ভারতে টেস্ট সিরিজ। এই সমস্যাগুলোর মুখোমুখি আমাদের তাই নিয়মিতই হতে হবে। আরও দক্ষতা ও সাহসিকতার সঙ্গে এসবের সামনে দাঁড়াতে হবে।’ দুবাইয়ে শেষ টেস্ট শুরু হবে ৩ ফেব্রুয়ারি। ওয়ানডে সিরিজের দল ঘোষণার কথা ছিল শেষ টেস্টের আগেই। কিন্তু এখন সেটা পিছিয়ে দেওয়া হয়েছে টেস্ট সিরিজ শেষ হওয়া পর্যন্ত। ওয়েবসাইট।