সত্য যে কঠিন!
ঘটনাটি দিন কয়েক আগের, ঘটেছে দক্ষিণ কোরিয়ার এক হোটেলে। অপরাধের বোঝা বইতে না পেরে আত্মহত্যা করেছেন এক ফুটবলার। কে-লিগের এই ফুটবলার আত্মহত্যার আগে নোটে লিখে রেখে গেছেন, ম্যাচ পাতানোর বিষয়টিই তাঁকে আত্মহত্যায় প্ররোচিত করেছে। দক্ষিণ কোরিয়ায় ম্যাচ পাতানোর শাস্তিটা বেশ কঠোর—আজীবন নিষেধাজ্ঞা, সঙ্গে ৭ বছর পর্যন্ত জেল। সম্প্রতি কয়েকজন জুয়াড়িসহ ১০ খেলোয়াড় গ্রেপ্তারও হয়েছেন। এই শাস্তিকে জীবনের সবচেয়ে বড় লজ্জা ও অপমান মনে করেই হয়তো আত্মহত্যাকেই শ্রেয় মনে করেছেন ওই খেলোয়াড়। তবে কে-লিগ কর্তৃপক্ষ খেলোয়াড়দের দিকটি ভেবে শাস্তি লাঘবের উপায়ও রেখেছে। খেলোয়াড়েরা নিজে থেকে অপরাধ স্বীকার করলে শাস্তি হবে কম। অপরাধ স্বীকার করা খেলোয়াড়ের সংখ্যাটা এখনো খুব বেশি নয়, তবে ধীরে ধীরে বাড়ছে। অপরাধ স্বীকারের জন্য খেলোয়াড়দের দেওয়া হয়েছে ‘আত্ম-কৈফিয়তের’ সুযোগ, দুই সপ্তাহ বাড়ানোও হয়েছে এর সময়সীমা। অনেকটা ‘ট্রুথ কমিশনের’ মতো ব্যাপার, সত্য স্বীকার করা যেখানে দেয় শাস্তি লাঘবের গ্যারান্টি! রয়টার্স।