সত্যটা জেনেও আশাবাদী ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাজিমউদ্দিন আলোচনাটা তুলে দিয়েছেন। সেই আলোচনায় গলা মেলালেন স্টুয়ার্ট ল-ও। এই যে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের লেজে গোবরে অবস্থা, পাঁচ দিনের খেলা শেষ হয়ে যাচ্ছে সাড়ে তিন দিনেই, উইকেট-প্রতিপক্ষ ইত্যাদির চেয়েও সেটার বড় কারণ তো অনভ্যস্ততা! বাংলাদেশের অস্ট্রেলিয়ান কোচ স্টুয়ার্ট ল আবারও মনে করিয়ে দিলেন সেই সত্যটা।‘চার দিনের ম্যাচ থেকেই আপনি টেস্ট খেলোয়াড় তৈরি করবেন। বাংলাদেশ দল এখন পর্যন্ত খুব বেশি টেস্ট খেলেনি। অনেকে ৫-৬ বছর ধরে খেললেও টেস্ট ম্যাচ বেশি খেলা হয়নি। টেস্ট ক্রিকেট বাদ দিয়ে যদি বেশি বেশি ওয়ানডে খেলতে থাকেন, কিছু ছাড় তো দিতেই হবে। তার পরও যে কিছু খেলোয়াড় টেস্টে পারফর্ম করছে, তাদের কৃতিত্ব দিতেই হবে।’ মিরপুরে কাল অনুশীলন শেষে বলেছেন ল।আইসিসির সহযোগী দলগুলোর সঙ্গে চার দিনের ম্যাচ খেলাটাকে দীর্ঘ পরিসরের ম্যাচে অভ্যস্ত হওয়ার একটা উপায় মনে করছেন কোচ। তাঁর আশা, টেস্ট ম্যাচের আগে বেশি বেশি চার দিনের ম্যাচ খেলায় আগ্রহী হয়ে উঠবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়েরা। কিন্তু আশাই হয়তো সার। বিসিবি যে তিন-চার দিনের খেলার চেয়ে বিপিএল জাতীয় টুর্নামেন্ট দিয়ে ২০ ওভারের ক্রিকেটের প্রসারেই বেশি ব্যস্ত! খেলোয়াড়দের মধ্যেও নাজিমউদ্দিনের মতো দু-চারজনকে বলতে হবে ব্যতিক্রম। বেশির ভাগ ক্রিকেটারই জাতীয় লিগটা এখনো খেলতে হয় বলে খেলেন।যেমন নিছক খেলতে হবে বলেই কাল থেকে শুরু পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টটা খেলবে বাংলাদেশ। এখন পর্যন্ত দলের যা পারফরম্যান্স, সিরিজটা শেষ হলেই যেন বাঁচা যায়। অবশ্য কোচ বলেই হয়তো এই টেস্টের আগেও আশাবাদী থাকতে চাইছেন স্টুয়ার্ট ল। ব্যাটিং-ব্যর্থতাই এই সিরিজে সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে ব্যাটসম্যানদের মনের অবস্থা জেনেও আত্মবিশ্বাসী কোচ, ‘সবচেয়ে সহজ উপায় হলো সাফল্যের পথ থেকে সরে না যাওয়া, খেলোয়াড়দেরও এটাই বলে যাচ্ছি। মৌলিক কাজগুলো ঠিকঠাকভাবে করে যদি আমরা টেস্টে মনোযোগী হতে পারি, আমি নিশ্চিত, ছেলেরা ওখানে গিয়ে রান করবে।’পাকিস্তানের বোলিং আক্রমণকে ভয় পাওয়ার মতো কিছু নেই বলে মনে করেন স্টুয়ার্ট ল। আবার এটাও বলছেন, সাঈদ আজমলের মতো বোলাররা ব্যাটসম্যানদের চাপে ফেলে দেন, ‘সাঈদ আজমলের হাতে অস্ত্রের অভাব নেই। ব্যাটসম্যানদের চাপে ফেলতে পারে সে। বলতে পারেন অনেকটা মুরালিধরনের মতো, যতটা না অফ স্পিনার তার চেয়ে বেশি রিস্ট স্পিনার। ক্রিকেট ভালোবাসে, ভালোবাসে বল করতে। মাঠ কিংবা মাঠের বাইরে সবখানেই সে হাস্যোজ্জ্বল।’কাল শুরু ঢাকা টেস্টে হাসতে চায় বাংলাদেশও। পাকিস্তানের বিপক্ষে টেস্ট জিতেই হাসতে হবে তা অবশ্য নয়। অন্তত কিছুটা লড়াই করে এই সিরিজ থেকে পাওয়া হতাশা যদি একটু কমানো যায়। কোচের মতো এখানটায় আশাবাদী ওপেনার তামিম ইকবালও। পাকিস্তান সিরিজটা এখন পর্যন্ত সবচেয়ে বেশি হতাশার বোধহয় তাঁর কাছেই। কাল নেট প্র্যাকটিস শেষে সেই তামিমই বললেন, ‘আমার বিশ্বাস, আমার সামর্থ্য আছে। আমার সতীর্থরাও তাই বিশ্বাস করে। প্রতিটি ইনিংসই সবাইকে ভুল প্রমাণ করার একটা সুযোগ। আমি সেই সুযোগটা নিতে চাই।’তামিমের মতো ঢাকা টেস্টে শেষ সুযোগটা কি নিতে চাইবে বাংলাদেশ দলও?