কোনো সিরিজ কিংবা টুর্নামেন্টে দল বাজে খেললে কোপটা এসে পড়ে অধিনায়ক, কোচ ও ম্যানেজারের ওপর। চাকরিচ্যুত হতে হয় তাঁদের। পাকিস্তান ক্রিকেটে এই সংস্কৃতিই বহমান। কিন্তু দলের ব্যর্থতার পেছনে বোর্ডের কর্মকর্তাদের কি কোনো দায় নেই? পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তদন্ত কমিটির সামনে এসে পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ সাফ জানিয়ে দিলেন, বোর্ড কর্তাদেরও নজরদারিতে নিয়ে আসা উচিত। গত বুধবার লাহোরে তদন্ত কমিটির আমন্ত্রণে সাড়া দিয়ে কমিটির সঙ্গে সাক্ষাৎ করেন ইউসুফ। সেখানেই বলে দিলেন অপ্রিয় সত্যটা, ‘আমরা কখনো বিবেচনা করি না যে আসল সমস্যাটা আসলে আমাদের ক্রিকেট পদ্ধতিতেই। সততা নিয়ে আমাদের সমস্যা চিহ্নিত করে সমাধান করা দরকার। সিরিজ কিংবা টুর্নামেন্টে ভরাডুবির পর কোচ-অধিনায়ককে বরখাস্ত করা হয়। কিন্তু কখনোই আমরা পিসিবি কর্মকর্তা, যাঁরা বোর্ডের মিউজিক্যাল চেয়ার খেলায় ব্যস্ত, তাঁদের ভূমিকাটা নিয়ে আমরা ভাবি না।’ দ্য ডন।