সত্যিই ট্রফি ভেঙেছে রিয়ালের
কাপটি পড়ে যাওয়া নিয়ে একটু ভুল বোঝাবুঝি আছে। কাপটা আসলে পড়ে যায়নি, সমর্থকদের এত উচ্ছ্বাস দেখে হাত থেকে লাফ দিয়েছিলবিজয় মিছিল শেষে নিজের টুইটারে মজা করে লিখেছেন স্প্যানিশ কাপজয়ী রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার সার্জিও রামোস। ট্রফিটি পড়েছিল তাঁর হাত থেকেই। ট্রফি পড়ে যাওয়া নিয়ে ভুল বোঝাবুঝির জন্ম দিয়েছেন স্বয়ং রামোস। অনেক প্রত্যক্ষদর্শী বলেছেন, ট্রফিটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। কিন্তু যাঁর হাত থেকে ট্রফি পড়ে গেছে, সেই রামোস বলেছিলেন ট্রফি ভাঙেনি।এই ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়েছেন স্প্যানিশ কাপের ট্রফিটি যিনি তৈরি করেছেন সেই ফ্রেদেরিকো অ্যালেগ্রে। মাদ্রিদের জুয়েলারি দোকানের মালিক জানিয়েছেন, মূল ট্রফিটি সত্যিই ভেঙে গেছে। এখন যেটা রিয়াল মাদ্রিদের শোকেসে শোভা পাচ্ছে, সেটি রেপ্লিকা। ভ্যালেন্সিয়ার মেস্তেল্লা স্টেডিয়ামে স্প্যানিশ কাপের ফাইনালে দর্শক ছিলেন অ্যালেগ্রেও। একটি রেপ্লিকা বানানোই ছিল। ট্রফি ভেঙে যাওয়ার খবর পেয়ে সেটি তিনি রিয়াল মাদ্রিদ দলকে দিয়ে এসেছেন। ‘কোনো দুর্ঘটনা যদি ঘটেই যায় এটা ভেবে আমি একটা রেপ্লিকা তৈরি করে রাখি’—এল মুন্ডো পত্রিকাকে বলেছেন অ্যালেগ্রে। ভেঙে যাওয়া মূল ট্রফিটা তিনি ঠিক করে দেবেন, ‘আমি ভেঙে যাওয়া ট্রফিটি সারব। এটি ৫ মিটার উঁচু থেকে পড়েছে এবং ভেঙে যাওয়া কিছু টুকরোও হারিয়ে গেছে। বাকি টুকরোগুলো খুব বাজেভাবে ভেঙেছে।’ এএফপি।