সত্যিই বজ্র হতে চান বোল্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেকবার বিশ্বকে অবাক করে দিতে চান উসাইন বোল্ট। দৌড়াতে চান বজ্রের গতিতে। ১০০ মিটার দৌড়াতে চান ৯.৪ সেকেন্ড এবং ২০০ মিটার ১৯ সেকেন্ডে। আগামী লন্ডন অলিম্পিকেই এই টাইমিং করে হতে চান ‘জীবন্ত কিংবদন্তি’। ২৫ বছর বয়সী জ্যামাইকান এই তারকার অধিকারেই ১০০ ও ২০০ মিটারের বিশ্ব রেকর্ড। ৯.৫৮ সেকেন্ডে দৌড়েছেন ১০০ মিটার ও ১৯.১৯ সেকেন্ডে ২০০ মিটার। আর বোল্ট এসব করতে চাইছেন ভক্তদের কথা ভেবেই। অলিম্পিকের ১০০ দিনের ক্ষণগণনা উপলক্ষে পরশু বিবিসি স্পোর্টকে এক সাক্ষাৎকারে গত অলিম্পিকে তিনটি সোনাজয়ী বলেছেন, ‘আমি ৯.৪ ও ১৯ সেকেন্ডে দৌড়াচ্ছি, লোকজন এটাই দেখতে চায়। তাই আমি যতটা সম্ভব কঠোর পরিশ্রম করার চেষ্টা করছি যাতে আরও জোরে দৌড়াতে পারি।’আর যেহেতু অলিম্পিকে চোখ থাকবে সারা বিশ্বের তাই ওখানেই টাইমিংটা করতে চান বোল্ট, ‘অলিম্পিকে আধিপত্য করতে পারলে আমি জীবন্ত কিংবদন্তি হয়ে যাব। একজন জীবন্ত কিংবদন্তি ঘুরে বেড়াচ্ছে, ভাবতেই ভালো লাগছে।’গত শনিবার জয় দিয়ে মৌসুম শুরু করেছেন বোল্ট। জ্যামাইকার কিংস্টনে ইউটেক ক্লাসিকে ৪–১০০ মিটার রিলে জয়ী দলের শেষ ব্যক্তি ছিলেন তিনি। বোল্ট যখন কোনো প্রতিশ্রুতি দেন, খুব কম লোকই আছে তা অবিশ্বাস করার। সুতরাং লন্ডন অলিম্পিকে আরেকটি বোল্ট-প্রদর্শনী দেখার প্রস্তুতি নিয়ে রাখুন। এএফপি, ওয়েবসাইট।