সত্যিই বদলে গেছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিজ জয় শেষ, নির্ভার একটা দিনের আমেজ ধরা পড়ল সোহাগ গাজী ও মুমিনুলের মুখে। কাল হোটেল থেকে বেরিয়ে যাওয়ার সময় বাংলাদেশ দলের দুই ক্রিকেটার  প্রথম আলো
সিরিজ জয় শেষ, নির্ভার একটা দিনের আমেজ ধরা পড়ল সোহাগ গাজী ও মুমিনুলের মুখে। কাল হোটেল থেকে বেরিয়ে যাওয়ার সময় বাংলাদেশ দলের দুই ক্রিকেটার প্রথম আলো

হোটেলের লবিতে বসে আড্ডা দিচ্ছিলেন কাইল মিলস, কলিন মানরো ও গ্রান্ট এলিয়ট। সামনে এগিয়ে যেতেই লিফটের সামনে পাওয়া গেল টিম সাউদি ও টম ল্যাথামকে। ল্যাথামের কানে হেডফোন। আগের দিন রস টেলরের সঙ্গে ভুল-বোঝাবুঝিতে রানআউট হয়েছেন শূন্য রানে। কাল গানের তালে নাচতে নাচতে উঠছিলেন লিফটে। পুলসাইডে কোরি অ্যান্ডারসনকে পাওয়া গেল হামিশ রাদারফোর্ডের সঙ্গে। সিরিজ হেরে কিউইরা কাল ছিল পুরো ছুটির আমেজে।
অনুশীলন ছিল না বাংলাদেশ দলেরও। লবি বা সুইমিংপুলের আশপাশেও পাওয়া গেল না খুব বেশি জনকে। বাংলাদেশের ক্রিকেটাররা ছুটিটাকে কাজে লাগিয়েছেন অন্যভাবে। যাঁদের ঢাকায় বাসা, বেশির ভাগই চলে গিয়েছিলেন পরিবারের সঙ্গে সময় কাটাতে। বাকিরাও রুমেই ছিলেন বেশির ভাগ সময়। স্ত্রীকে নিয়ে শপিংয়ে বেরোলেন আবদুর রাজ্জাক। যাওয়ার সময় সিরিজ জয় নিয়ে বলে গেলেন, ‘ভালো লাগছে তো অবশ্যই, তবে খুব বেশি আলাদা কিছু মনে হচ্ছে না।’
একটা সিরিজ জয়কেও তাহলে আলাদা কিছু মনে হয় না! এই রাজ্জাকই তো আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুর দিনগুলোয় দেখেছেন, একটি জয়ের জন্য কেমন হাপিত্যেশ করেছে বাংলাদেশ। সাত বছরের ক্যারিয়ারে দেখেছেন পালাবদলের বেশ কয়েকটি অধ্যায়। এখন বাংলাদেশ দল যেমন পরিণত, দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারের কণ্ঠেও সেই পরিণিতিবোধ, ‘আমার শুরুর সময়টায় আমাদের লক্ষ্য থাকত কোনো রকমে ২০০ রান করা। পরে সেটা হলো আড়াই শ, পরে চাইতাম লড়ে হারতে। এখন আমরা জয়ের জন্য মাঠে নামি, জয়টাই প্রত্যাশিত। জিতলে ভালো লাগে, কিন্তু সেটিকে আলাদা করে আর খুব বড় উপলক্ষ মনে হয় না।’
এমনকি বাড়তি রোমাঞ্চ জাগাচ্ছে না আরেকটি ধবলধোলাইয়ের সুবাসও, ‘আগের ৪-০ সিরিজের সঙ্গে এই সিরিজের কোনো সম্পর্ক নেই। এবার সিরিজ হারলেও আগের ৪-০ আগের মতোই থাকত, ৩-০-তে জিতলেও থাকবে। আগের দুটি ম্যাচে যেমন, তেমনি শেষ ম্যাচেও আমরা জয়ের জন্য নামব। হোয়াইটওয়াশ করতেই হবে বা এমন কিছু আমাদের ভাবনায় নেই। কোনো পেশাদার দলই সিরিজ জেতা হয়ে গেলে ঢিলেমি দেয় না, আমরাও দেব না।’
দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটারের কণ্ঠে পুরো দলের মানসিকতারই প্রতিফলন। সিরিজ জিতেও যেমন উদ্যাপনে কোনো বাড়াবাড়ি ছিল না এবার। মাঠে ভিক্টরি ল্যাপ খুব একটা দীর্ঘস্থায়ী হয়নি, উদ্যাপন-আনন্দ যা সব মাঠেই শেষ। আগে এমন জয়ে হোটেলেও থাকত আয়োজন। এবার তেমন কিছুও হয়নি। এই সবই যেন বলছে, এগিয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট।
রাজ্জাকের উল্টো প্রান্তে আছেন শামসুর রহমান। পরশুর ম্যাচেই হলো ওয়ানডে অভিষেক, সেই ম্যাচেই সিরিজ জয়। এই ওপেনার নিজেকে ভাবছেন সৌভাগ্যবান, ‘প্রথম ম্যাচেই দলের জয় দেখা, সিরিজ জয়ের স্বাদ পাওয়া ভাগ্যের ব্যাপার। খুব ভালো লাগছে। তবে আমরা এখন জিতছি নিয়মিতই। আশা করি, এটা ধরে রাখতে পারব।’
বাংলাদেশের ক্রিকেটে নতুন দিনের প্রতীক বলা যায় এনামুল হককে। গত নভেম্বরে তাঁর অভিষেক ওয়ানডেতেই জয়ের পর নিজের ডাকনামের সঙ্গে মিলিয়ে বলেছিলেন, ‘বিজয়ের শুরু হলো বিজয় দিয়ে।’ তো বিজয়ের সেই বিজয় কেতন এখনো উড়ছে। এখন পর্যন্ত ওয়ানডে সিরিজ হারের স্বাদ পাননি এই ওপেনার! কাল ছোট ভাইয়ের সঙ্গে বেড়াতে বেরিয়ে বলছিলেন, ‘খুব ভালো লাগছে, আর হারের স্বাদ পেতেও চাইনি। আমি তো এই সিরিজে কিছু করতেও পারিনি। আমি কিছু না করতেই বাংলাদেশ জিতে গেছে, কিছু করলে কী হবে বুঝে নেন!’
কী বুঝলেন? সাহসী, আত্মবিশ্বাসী—এটাই নতুন বাংলাদেশ।